SSC দুর্নীতি: পরীক্ষা শুরুর আগেই চড়ছে রাজনৈতিক পারদ, তৃণমূল-বিজেপির তীব্র কটাক্ষযুদ্ধ

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর পর, নতুন করে পরীক্ষা শুরু হচ্ছে। এই আবহে রাজনৈতিক মহলে আবারও শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। রবিবার পরীক্ষা শুরুর আগে দুই দলের নেতাদের মন্তব্যে উত্তেজনা বাড়ছে।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “তৃণমূলের আমলে কোনো স্বচ্ছ পরীক্ষা হয়নি। সব জায়গায় শুধু চুরি। চুরি করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে যে এখন মানুষ গোটা দলকেই ‘চোর’ বলছে।” তিনি আরও বলেন, “তৃণমূল জানে আর ক্ষমতায় ফিরবে না। বাংলার মানুষের মনে ওদের জায়গা শেষ হয়ে গেছে। এবারে ক্ষমতা থেকে যাচ্ছেই। এটা শুধু আমরা নই, ভগবান জগন্নাথও বলছে।”

বিজেপির এই আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা জবাবে বলেন, “বাংলার মানুষ জানে কারা আসল চোর। কারা দেশটাকে পিছিয়ে দিচ্ছে। তাই ২০২৬ সালের বিধানসভা ভোটেও মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। বিজেপির মুখে দুর্নীতি নিয়ে কথা মানায় না।” তিনি আরও অভিযোগ করেন, “নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই বিরোধীরা সেটাকে বানচাল করার চেষ্টা করে। এবারেও তারা সেই পথেই হাঁটছে।”