SIR নিয়ে মুখোমুখি মমতা বনাম সিইও! চিঠি প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনের পাল্টা দাবিতে চরম উত্তেজনা

রাজ্যজুড়ে ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে যখন রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। যদিও এই চিঠি প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল জানিয়ে দেন, “রাজ্যে SIR-এর কাজ খুব ভালোভাবে চলছে।” মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে সিইও-র এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
বুধবার নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, এই SIR প্রক্রিয়া রাজ্যে ‘অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে।’ তাঁর দাবি, এই কাজের দ্রুততা সরকারি আধিকারিক থেকে সাধারণ মানুষ— সকলের উপরেই ভয় এবং বিভ্রান্তি বাড়িয়ে তুলছে।
মুখ্যমন্ত্রী কার্য তো অভিযোগ করে বলেন, SIR-এর কাজ এতটাই দ্রুততার সঙ্গে করা হচ্ছে যে, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম সংক্রান্ত সমস্ত কাজ শেষ করা কার্যত অসম্ভব। এই তাড়াহুড়োর কারণে বুথ লেভেল অফিসাররা (BLOs) চরম চাপে পড়ছেন এবং ভুল ফর্ম আপলোডের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাঁর আশঙ্কা, এর ফলে বহু প্রকৃত ভোটার সমস্যায় পড়তে পারেন। তিনি বিএলও-দের ওপর “অমানুষিক কাজের চাপ” দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন।
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিইও-র ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, নির্বাচন কমিশন মাঠের বাস্তব পরিস্থিতি দেখতে চাইছে না এবং সাহায্য করার বদলে উল্টে কর্মকর্তাদের শো-কজ নোটিশ পাঠিয়ে আরও বিব্রত করছে।
তবে মুখ্যমন্ত্রীর চিঠি প্রকাশ্যে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও মনোজ আগরওয়াল বলেন, “SIR স্থগিত করা হবে কি না, সেটা ইসিআই-র বিষয়। সিইও শুধু নির্দেশ পালন করে। তবে এটুকু বলতে পারি কাজ খুব ভালোভাবে হচ্ছে।” রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের সিইও-র এই মন্তব্য মুখ্যমন্ত্রীর অভিযোগকে কার্যত উপেক্ষা করার সামিল।