SIR-চালু হতেই শোরগোল! উধাও ‘বহু মানুষ’, তৃণমূল নেতা স্বীকার করলেন ‘বাংলাদেশি’দের উপস্থিতি!

রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়া শুরু হতেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এই বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার আতঙ্কে অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকরা এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত থেকে শুরু করে কোচবিহারের মেখলিগঞ্জ এবং কলকাতার উপকণ্ঠ, সব জায়গা থেকেই একই অভিযোগ উঠে আসছে।
কলকাতার উপকণ্ঠে নিউটাউনের ইকোপার্ক ৬ নম্বর গেট সংলগ্ন একটি বস্তি এলাকায় বসবাসকারী বহু মানুষ SIR ঘোষণার পর রাতারাতি এলাকা ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছেন বলে অভিযোগ। এই অঞ্চলে প্রায় হাজারেরও বেশি ঝুপড়ি রয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কাজের সন্ধানে আসেন। স্থানীয়দের অভিযোগ, এদের মধ্যে বহু বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
SIR ঘোষণা হওয়ার পর থেকেই এই বস্তি এখন কার্যত আতঙ্কের ছায়ায় ঢাকা। একাধিক ঝুপড়ি ঘরে তালা ঝুলতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, মাত্র কয়েকদিনের মধ্যেই বহু বাংলাদেশি পরিবার এলাকা ছেড়েছেন।
এ বিষয়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন যদিও দাবি করেন, কয়েকটি পরিবার নিজেদের কাগজ আনতে দেশের বাড়িতে গেছে। তবে তিনি স্বীকার করেছেন যে কিছু বাংলাদেশি পরিবার এই বস্তি অঞ্চলে বসবাস করত। তিনি আরও জানান, এই বাংলাদেশি পরিবারগুলোর অনেকেই ১৯৯০ সালের পর থেকে এই অঞ্চলে বসবাস করছে। তবে তিনি নিজেও স্বীকার করেছেন যে এই বস্তি অঞ্চলের একাধিক পরিবার ইতিমধ্যেই ঘর ছেড়েছে।
বিরোধীরা দীর্ঘদিন ধরেই দাবি করে এসেছেন যে SIR শুরু হলেই রাজ্যে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সম্ভব হবে। বঙ্গ বিজেপির নেতারা সওয়াল করেছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে এমন অনেক বাংলাদেশিকেও তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে যারা বেআইনিভাবে এদেশে রয়েছে।
নিউটাউনের রাজারহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইকোপার্ক সংলগ্ন হিডকো-র জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী কিছু বাসিন্দাকে প্রশ্ন করা হলে জানা যায়, তারা বাংলাদেশ থেকে এসেছিলেন। অনেকে এদেশে এসে ভোটার কার্ডও বানিয়ে নিয়েছেন এবং ভোটও দিচ্ছেন। তবুও কেন হঠাৎ পালাচ্ছেন? উত্তর একটাই— “SIR হচ্ছে বলে”। ক্যামেরা দেখেই অনেকে পালাতে শুরু করছেন, বা কথা বলতে গিয়ে ঢোক গিলছেন।
স্বরূপনগর সীমান্তে ও মেখলিগঞ্জের তিস্তার চরেও বহু মানুষ এলাকা ছেড়েছেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে সূত্রের খবর।
SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যে আতঙ্ক ছড়িয়েছে এবং ঘর ফাঁকা হওয়ার যে চিত্র দেখা যাচ্ছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।