SIR-এর মাঝেই নতুন বিতর্ক? রাজ্যের সব জেলার ডিইও-দের নিয়ে কমিশনের বিশেষ প্রশিক্ষণ, আলোচনায় কী কী থাকবে?

আর মাত্র কয়েক মাস বাকি, তারপরই শুরু হয়ে যাবে আগামী বছরের বঙ্গে বিধানসভা নির্বাচনের তোড়জোড়। রাজনৈতিক দলগুলি যখন তৃণমূলস্তরে সংগঠন মজবুত করার কাজে ব্যস্ত, ঠিক সেই সময়েই নির্বাচন কমিশনও ভোট প্রস্তুতি শুরু করে দিল। কমিশন সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে রাজ্যে চলা ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) পর্বেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা EVM-এর প্রথম দফার চেকিং (FLC) এবং তার প্রশিক্ষণ শুরু হয়ে যাবে।
এই প্রস্তুতির অংশ হিসেবে আজ, শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন এক বিশেষ কর্মসূচি নিয়েছে। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক (DM) তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের (DEO) নিয়ে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনারের উপস্থিতিতে সকাল ১০টা থেকে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। জানা গিয়েছে, EVM-এর প্রথম দফার চেকিং এবং তার পরিচালনা সংক্রান্ত বিষয়ে কমিশনের বিশেষজ্ঞ দল এই আলোচনা শিবিরে উপস্থিত থাকবেন।
বর্তমানে রাজ্যে চলা SIR প্রক্রিয়া নিয়ে যখন বিভিন্ন মহলে উত্তেজনা ও বিতর্ক রয়েছে, সেই আবহে কমিশনের এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, এই আলোচনা শিবিরে SIR প্রক্রিয়ার অগ্রগতি ও সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। এটি স্পষ্ট যে, লোকসভা নির্বাচনের পর এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচনের প্রস্তুতি দ্রুত সারতে চাইছে।