মধ্যরাতে হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুধের গাড়ির সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহীর মৃত্যু

ফের পথ দুর্ঘটনায় রক্ত ঝরল। এবার হাওড়ার ডোমজুড়ে মধ্যরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে ডোমজুরের দক্ষিণ বাড়ি এলাকায় হাওড়া-আমতা রোডে।
জানা গিয়েছে, রাত সাড়ে বারোটা নাগাদ একটি দুধের গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় বাইক সমেত দুধের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে উল্টে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়রা আহত অবস্থায় গাড়ির চালক এবং দুই বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা দুই বাইক আরোহী, শেখ নাজিম এবং মোস্তাক মল্লিককে মৃত বলে ঘোষণা করেন। মৃত দুজনেই জগৎবল্লভপুরের বাসিন্দা। অন্যদিকে, দুর্ঘটনার জেরে ঘাতক গাড়ির চালকও আহত হয়েছেন।
ডোমজুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটল এবং গাড়ির চালকের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গতকালই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কাজ বাগান মোড়ের কাছে বাইক দুর্ঘটনায় উমার মল্লিক (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছিল।