SIR-এর মধ্যেই CAA আবেদনকারীদের স্বস্তি! ১০ দিনের মধ্যে আবেদন বিবেচনার আশ্বাস কেন্দ্রের

কলকাতা: ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে যখন চাপা আতঙ্ক, ঠিক তখনই নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) অনুসারে আবেদনকারীদের জন্য বড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় সরকার। এক স্বেচ্ছাসেবী সংস্থার করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে কেন্দ্র এই আশ্বাস দিয়েছে।
পশ্চিমবঙ্গ থেকে যে সব মানুষ CAA অনুসারে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন, তাঁদের আবেদন আগামী ১০ দিনের মধ্যে বিবেচনা করা হবে বলে আদালতের ডিভিশন বেঞ্চে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
কেন হাইকোর্টে মামলা?
যারা CAA অনুসারে নাগরিকত্বের আবেদন করেছেন, আবেদন করার পর মাসখানেক কেটে গেলেও তারা এখনও কোনো উত্তর পাননি। অন্যদিকে, রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় তারা সমস্যায় পড়েছেন। কারণ, SIR-এর এনুমারেশন ফর্মে এদের জন্য কোনো ‘অপশন’ রাখাই হয়নি বলে দাবি করেন মামলাকারীর আইনজীবী। এই আবেদন যাতে SIR-এ গণ্য করা হয়, সেই আবেদন জানিয়ে এনজিও-র তরফে মামলা করা হয়েছিল।
সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।
স্বরাষ্ট্র মন্ত্রকের আশ্বাস এবং রাজ্যের ভূমিকা
স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হাইকোর্টে জানান, দেশ জুড়ে প্রায় ৫০ হাজার মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাঁদের মধ্যে শুধু রাজ্যের যাঁরা এই মামলার সঙ্গে যুক্ত, তাদের আবেদন ১০ দিনের মধ্যে বিবেচনা করা হবে।
- কেন্দ্রের দাবি: কেন্দ্রের তরফে এএসজি (ASG) আইনজীবী অশোক চক্রবর্তী বলেন, রাজ্যকে ৯০ দিনের মধ্যে এই আবেদনগুলি কেন্দ্রের কাছে পাঠাতে হয়, কিন্তু এ ক্ষেত্রে রাজ্য ‘আমাদের কাছে কিছু পাঠায়নি।’
- রাজ্যের অবস্থান: রাজ্যের তরফে এদিন বলা হয়, এই বিষয় নিয়ে রাজ্যের কোনও ভূমিকা নেই। কমিশন যাবতীয় কাজ করছে বলে উল্লেখ করে রাজ্য।
দেশ জুড়ে আবেদনকারীদের কী হবে?
মামলাকারীর আইনজীবী মৈনাক বসু বলেন, জনস্বার্থ মামলায় সকলের কথা বলা হয়েছে। দেশ জুড়ে প্রায় ৫০ হাজার আবেদন দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। তিনি দাবি করেন, কেন্দ্র হয় তাদের অনুমতি দিক, না হয় বাতিল করুক—অন্তত একটি সিদ্ধান্ত নেওয়া হোক।
তবে কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে, দেশের অন্যত্র যেখানে এই ধরনের মামলা বিচারাধীন রয়েছে, সেই আবেদনকারীদের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।
ভোট দেওয়ার ক্ষেত্রে নতুন প্রশ্ন
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যাঁরা এই ১০ দিনের মধ্যে নাগরিকত্ব পেয়ে যাবেন, তাঁদের জন্য কি SIR-এ নতুন কোনও ফর্ম দেওয়া হবে? নাকি যে ফর্ম আছে, তার সঙ্গে কোনো নথি দিয়ে জমা করতে হবে?
এই জটিল পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই আপাতত তাকিয়ে আছেন হাজার হাজার আবেদনকারী।