অফিস সিল নয়! বিরোধী দলনেতার ওপর FIR নিয়ে কলকাতা হাইকোর্টের বড় অন্তর্বর্তী নির্দেশ, মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা

কোলাঘাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশি অভিযান সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট এক তাৎপর্যপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ জারি করল। কোলাঘাট থানার তরফে স্বতঃপ্রণোদিতভাবে (Suo Motu) নথিভুক্ত এফআইআর-এর পরিপ্রেক্ষিতে কোনো রকম আইনি প্রক্রিয়া চালানো যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে।
বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে, ২২ মে ২০২৪ তারিখে নথিভুক্ত ওই এফআইআর-এর ওপর স্থগিতাদেশ জারি করা হলো এবং এর ওপর ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই নির্দেশের ফলে বিরোধী দলনেতা আরও দুই মাসের বেশি আইনি স্বস্তি পেলেন, এবং তাঁর কোলাঘাটের অফিস বা বাড়িতে পুলিশি তল্লাশি আপাতত স্থগিত থাকল।
মামলার প্রেক্ষাপট
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে পুলিশ শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশি অভিযান চালায়, যার প্রেক্ষিতে কোলাঘাট থানার তরফে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়। এই পদক্ষেপের বিরুদ্ধেই বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালত সেই সময় অস্থায়ী স্থগিতাদেশ জারি করে।
আজ ফের সেই মামলার শুনানি হয়, যেখানে আদালত স্পষ্ট নির্দেশ দেয় যে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এফআইআর সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।