“RJD-কংগ্রেস ইশতেহার নয়, ‘রেট লিস্ট’ জারি করেছে”- মহাগঠবন্ধনের বিরুদ্ধে গুরুতর আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

ছাপরা (বিহার), ৩০ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মহাগঠবন্ধন (Mahagathbandhan)-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন যে, এই জোট তাদের নির্বাচনী ইশতেহার নয়, বরং একটি “রেট লিস্ট” (Rate List) জারি করেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তাদের প্রতিটি ঘোষণার পিছনে আসল উদ্দেশ্য হলো তোলাবাজি, মুক্তিপণ, লুঠপাট এবং দুর্নীতি।
ছাপরায় একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গল রাজ’-এর নেতারা ক্রমাগত আপনাদের ভুল বোঝাচ্ছে, লোভ দেখাচ্ছে। আরজেডি-র ঘোষণা, কংগ্রেসের ইশতেহার, তা কোনো ইশতেহার নয়। তারা তাদের রেট লিস্ট প্রকাশ করেছে। তাদের প্রতিটি ঘোষণার পিছনে আসল উদ্দেশ্য হল তোলাবাজি, মুক্তিপণ, লুঠ, দুর্নীতি, এই সবই…”
১৯৯৮ সালের চম্পা বিশ্বাস কাণ্ডের উল্লেখ:
প্রধানমন্ত্রী ১৯৯৮ সালের চম্পা বিশ্বাস কাণ্ড-এর কথা মনে করিয়ে দিয়ে দাবি করেন যে, আজকের যুব সমাজ যদি সেই ঘটনার বাস্তবতা জানতে পারে, তবে তারা শিউরে উঠবে। তিনি জোর দিয়ে বলেন যে, আরজেডি সরকার মুখ্যমন্ত্রী কার্যালয়কে ‘মাফিয়াদের কার্যালয়ে’ পরিণত করেছিল।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিহারের যুব সমাজ যদি ১৯৯৮ সালে এক দলিত আইএএস অফিসারের স্ত্রীর সঙ্গে কী ঘটেছিল তা জানতে পারে, তবে তারা কেঁপে উঠবে। সেই দলিত আইএএস অফিসারের স্ত্রী রাজ্যপালকে চিঠি লিখে প্রকাশ করেছিলেন যে, আরজেডি-র গুন্ডারা তাঁকে বেশ কয়েক দিন ধরে ধর্ষণ করেছে এবং পরিবারের অন্য মহিলাদেরও ছাড়েনি, তাঁদের ওপরও নির্যাতন চালানো হয়েছিল। আরজেডি সরকারের সময় মুখ্যমন্ত্রী কার্যালয়ও মাফিয়াদের কার্যালয়ে পরিণত হয়েছিল।”
পাঞ্জাবে বিহারের মানুষের অপমান:
প্রধানমন্ত্রী কংগ্রেসের উপর আক্রমণ শানিয়ে ২০২২ সালের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। তখন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির একটি মন্তব্যে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা উপস্থিত ছিলেন। চন্নি জনসভায় প্রকাশ্যে বলেছিলেন যে, উত্তর প্রদেশ এবং বিহারের ‘ভাইয়াদের’ পাঞ্জাবে প্রবেশ করতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন, “আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই – লণ্ঠন (আরজেডি) এবং হাত (কংগ্রেস) প্রতীক নিয়ে যারা আছে, এবং তাদের INDIA জোটের শরিকরা কীভাবে বিহারকে অপমান করেছে। পাঞ্জাবের কংগ্রেস মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে বিহারের লোকজনকে তাঁর রাজ্যে ঢুকতে দেওয়া হবে না। তিনি জনসভায় এই মন্তব্য করেছিলেন। সেই সময় মঞ্চে গান্ধী পরিবারের যে কন্যা আজকাল সংসদে বসেন, তিনিও হাততালি দিয়ে হেসেছিলেন।”