Recipe: উইকেন্ড মানেই চাউমিন আর চিলি চিকেন? রেস্তোরাঁকে ফেল করুন এই পদ্ধতিতে

বাঙালির উইকেন্ড মানেই প্লেটে চাউমিন আর সঙ্গে এক প্লেট ধোঁয়া ওঠা চিলি চিকেন। মেনুতে হাজারও খাবার থাকুক না কেন, ভোজনরসিক বাঙালির মন জয় করতে ওই চিলি চিকেনই যথেষ্ট। তা সে গ্রেভি হোক কিংবা ড্রাই—রেস্তোরাঁর স্বাদের সেই চিলি চিকেন এবার আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন নিজের বাড়িতে। টাংরা স্টাইলের এই জিভে জল আনা পদ তৈরির সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
ম্যারিনেশনের জন্য: হাড়সমেত চিকেন, আদা-রসুন বাটা, স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ১ চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ ময়দা এবং ১টি ডিম।
রান্নার জন্য: সাদা তেল, রসুন ও আদা কুচি, পেঁয়াজের স্লাইস, ক্যাপসিকাম, চেরা কাঁচালঙ্কা, সয়া সস, চিলি সস, টমেটো সস এবং সামান্য চিনি।
বিশেষ সিক্রেট মশলা: শুকনো খোলায় মৌরি, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং স্টার অ্যানিস বা স্টার মশলা একসঙ্গে টেলে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে।
রান্নার পদ্ধতি
প্রথমে হাড়সমেত চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর তাতে আদা-রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা ও ডিম ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। কড়াইতে সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো সোনালি এবং মুচমুচে করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন।
এবার ওই ভাজার তেলেই প্রথমে পেঁয়াজ পাতার সাদা অংশ কুচিয়ে দিন। এরপর একে একে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ স্লাইস, শুকনো লঙ্কা ও ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিন। অন্য একটি বাটিতে টমেটো সস, চিলি সস এবং সোয়া সস একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে রাখুন।
সবজির মধ্যে ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে সসের মিশ্রণটি ঢেলে দিন। সসের বাটি ধুয়ে সামান্য জলও এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার সেই স্পেশাল ‘সিক্রেট মশলা’ থেকে এক চামচ এবং সামান্য চিনি ও চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন। প্রয়োজন অনুযায়ী একটু লঙ্কা গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন। ব্যস, সমস্ত উপকরণের সঙ্গে গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন—তৈরি আপনার রেস্তোরাঁ স্টাইলের দুর্দান্ত টাংরা স্টাইল চিলি চিকেন।