টাটা গ্রুপে চরম কোন্দল! বাবা নোয়েল ও ছেলে নেভিল সোজা আদালতের দরজায় কেন?

টাটা গ্রুপের অন্দরে চলা দীর্ঘদিনের দ্বন্দ্ব ও ক্ষমতার টানাপোড়েন এবার নতুন মোড় নিল। টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা এবং তাঁর পুত্র নেভিল টাটা আইনি লড়াইয়ের পথে হেঁটে বোম্বে হাইকোর্ট এবং মুম্বাই সিটি সিভিল কোর্টে ক্যাভিয়েট (সতর্কতামূলক নোটিশ) দাখিল করেছেন। সরকারি নথি অনুযায়ী, গত ৭ অক্টোবর এই ক্যাভিয়েটগুলি দাখিল করা হয়েছে, যাতে আদালতের তরফ থেকে কোনো একতরফা নির্দেশ জারির আগে তাঁদের বক্তব্য শোনার সুযোগ চাওয়া হয়।
বিবাদের নেপথ্যে কী কারণ? সূত্র মারফত জানা গেছে, টাটা ট্রাস্টসের অধিভুক্ত কিছু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অনিয়ম ও ত্রুটির অভিযোগ তুলে নোয়েল ও নেভিল টাটার বিরুদ্ধে মহারাষ্ট্র চ্যারিটি কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন ভেনু শ্রীনিবাসন ও বিজয় সিং। সেই আইনি চাপ বাড়তেই বাবা-ছেলে আদালতের শরণাপন্ন হয়েছেন। বোম্বে হাইকোর্ট ও মুম্বাই সিটি সিভিল কোর্টে দাখিল করা এই সতর্কবার্তায় শ্রীনিবাসন ছাড়াও সিং, আইনজীবী ড্যারিয়াস খাম্বাট্টা এবং টাটা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ভাস্কর ভাটকে সংশ্লিষ্ট পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকাভুক্তি নিয়ে মতপার্থক্য: বিশ্লেষকদের মতে, এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে টাটা সন্সের শেয়ার বাজারে তালিকাভুক্তি (IPO) সংক্রান্ত বিতর্ক। নোয়েল পক্ষ টাটা সন্সের শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, কোম্পানির ম্যানেজমেন্ট অথরিটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্দেশিকা মেনে কোম্পানিটিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ড মিটিংয়ে ভোটাভুটির আগেই এই দুই পক্ষের অন্তর্নিহিত মতপার্থক্য প্রকাশ্যে চলে আসে। টাটা ট্রাস্টসের মনোনীত পরিচালক হওয়া সত্ত্বেও ভেনু শ্রীনিবাসন টাটা সন্স বোর্ডের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আর এরপর থেকেই দুই পক্ষ বিভিন্ন ফোরামে আইনি ও প্রশাসনিক লড়াইয়ে একে অপরের মুখোমুখি হয়েছে। ভারতের শিল্প মহলে টাটার মতো প্রাচীন ও প্রভাবশালী কর্পোরেট ঘরে এই কোন্দল এখন অন্যতম চর্চার বিষয়।