OMG! ৪৮ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল দিল্লি! মাঝরাতে ভেঙে পড়ল চারতলা বাড়ি

মাঝরাতে এক ভয়াবহ ঘটনা ঘটল দিল্লির বুকে। উত্তর দিল্লির সব্জি মান্ডি থানা এলাকার পাঞ্জাবি বস্তি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। যদিও বাড়িটি খালি ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে, তবুও এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে রাজধানীতে একই ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল।
বাড়ির নিচে চাপা পড়ল গাড়ি, উদ্ধার ১৪ জন
সোমবার গভীর রাতে বাড়িটি ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বেশ কিছু গাড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে ১৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে পুরসভার তত্ত্বাবধানে।
প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে
দিল্লি পুরসভা সূত্রে জানা যাচ্ছে, এই বাড়িটি বহু বছর ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। প্রয়োজনীয় মেরামতি না করার কারণে এটি ভেঙে পড়েছে। কিন্তু পুরসভা আগেই এই বিপজ্জনক বাড়িটিকে ভেঙে না দেওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। উল্লেখ্য, এর আগে মাত্র ৪৮ ঘণ্টা আগে দিল্লির বাদারপুর বাইপাসের কাছেও একটি চারতলা বাড়ি ভেঙে পড়েছিল, যেটিও বিপজ্জনক অবস্থায় ছিল। পরপর দুটি ঘটনা পুরোনো বাড়ির রক্ষণাবেক্ষণ এবং পুরসভার ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।