NPS-এর নিয়মে বিরাট বদল! মিউচুয়াল ফান্ডের আদলে সাজল পেনশন সিস্টেম, পকেটে আসবে আরও বেশি টাকা

দেশের কোটি কোটি চাকরিজীবী ও বিনিয়োগকারীদের জন্য বড় খবর। ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস (NPS)-এর নিয়মে একগুচ্ছ বড় পরিবর্তন আনল পেনশন ফান্ড রেগুলেটরি ও ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)। নতুন এই নিয়ম অনুযায়ী, এবার থেকে মিউচুয়াল ফান্ডের আদলে গ্রাহকরা তাঁদের নিজেদের ঝুঁকি এবং পারফরমেন্সের ওপর ভিত্তি করে আরও নিখুঁতভাবে স্কিম বেছে নিতে পারবেন, যার ফলে ভবিষ্যতে আরও বেশি টাকা বা রিটার্ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

গত ২৮ আগস্ট পিএফআরডিএ-র প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, সমস্ত পেনশন ফান্ডকে তাদের ‘মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্ক’ আগামী ৩০ দিনের মধ্যে রিনেম বা নাম পরিবর্তন করতে হবে। একই সঙ্গে সমস্ত ইক্যুইটি ক্যাটেগরি স্কিমাকে একটি নির্দিষ্ট সিঙ্গল ক্যাটেগরিতে নিয়ে আসার কথা বলা হয়েছে। যদি কোনো ফান্ড হাউসের একই ক্যাটেগরিতে দুটির বেশি স্কিম থাকে, তবে তা আগামী ৪৫ দিনের মধ্যে একত্রিত করতে হবে। মূলত এনপিএস ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতেই এই পদক্ষেপ করা হয়েছে, যাতে সাধারণ বিনিয়োগকারীরা খুব সহজেই বুঝতে পারেন তাঁদের টাকা কোথায় এবং কীভাবে বিনিয়োগ হচ্ছে।

নতুন এই কাঠামোর অধীনে পিএফআরডিএ ইক্যুইটি বরাদ্দের ভিত্তিতে মোট পাঁচটি নতুন ক্যাটেগরি বা স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন সিস্টেম নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে—বয়সের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয় বরাদ্দ বদলের স্কিম, নিজের পছন্দমতো ইক্যুইটি ও বন্ড বেছে নেওয়ার ‘অ্যাক্টিভ চয়েস’, অসংগঠিত ক্ষেত্রের জন্য ‘NPS সঞ্চয়’, কাস্টমাইজড স্কিমের জন্য ‘মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্ক’ (A থেকে E ক্যাটেগরি) এবং ‘এনপিএস বাৎসল্য’ বা ‘এনপিএস এমএসএমই’-র মতো বিশেষ বিষয়ভিত্তিক স্কিম।

আগামী সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ সমস্ত গ্রাহকরা তাঁদের সিআরএ (CRA) পোর্টাল বা এনপিএস অ্যাপেই এই নতুন পরিবর্তনগুলি দেখতে পাবেন। বিশেষজ্ঞদের মতে, এই সংস্কারের ফলে বিভিন্ন পেনশন তহবিলের স্কিমগুলির মধ্যে তুলনা করা বিনিয়োগকারীদের জন্য অনেক বেশি সহজ হবে এবং তাঁরা আরও বেশি লাভবান হবেন।