বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছবি ভাইরাল করার হুমকি! টলি অভিনেত্রীর অভিযোগে বেলঘরিয়া থেকে গ্রেফতার অভিনেতা

টলিউডের এক অভিনেত্রীকে বিয়ের ভুয়া প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস এবং পরবর্তীতে তাঁর ব্যক্তিগত ও গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শ্যামসুন্দর সাহার বাড়ি বেলঘরিয়ায়। একসময়ে টেলিভিশনের বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করলেও বর্তমানে তিনি অভিনয়ের দুনিয়া ছেড়ে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। এই ঘটনায় গোটা টলিপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা ওই তরুণী সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কাজের সূত্রেই শ্যামসুন্দরের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল এবং সেখান থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েকটি সিরিয়ালে তাঁরা একসঙ্গে কাজও করেছেন। নির্যাতিতার অভিযোগ, প্রায় দু’বছর ধরে হরিদেবপুরের একটি ভাড়া বাড়িতে তাঁরা একসঙ্গে লিভ-ইন করতেন। সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন শ্যামসুন্দর। কিন্তু পরবর্তীতে ওই তরুণী বিয়ের কথা বলতেই অভিযুক্ত তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন এবং সম্পর্কে জড়াতে অস্বীকার করেন।
এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিনেত্রীর স্পষ্ট অভিযোগ, তাঁর সঙ্গে কাটানো বেশ কিছু ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অভিযুক্ত যুবক তাঁর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ওই ছবি দেখিয়ে তাঁকে বিভিন্নভাবে হুমকি ও ব্ল্যাকমেল করা হচ্ছিল। এই চরম মানসিক চাপ সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। বাড়িতে ফিরে পরিবারকে সমস্ত ঘটনা জানানোর পর হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।