‘ওঁদের যা ক্ষমতা আছে করুক!’ ৫ ঘণ্টা জেরা শেষে শেক্সপিয়র সরণি থানা থেকে বেরিয়েই চরম হুংকার অভিষেকের

ক্যামেরাক স্ট্রিট বিলবোর্ড-কাণ্ডে টানা সাড়ে পাঁচ ঘণ্টা জেরা শেষে শেক্সপিয়র সরণি থানা থেকে বেরিয়ে সরাসরি বিজেপি ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ থানায় হাজিরা দেওয়ার পর সন্ধ্যায় বেরিয়ে এসে তিনি সাফ জানান, একটি সাইন বোর্ড নামানোর জন্য কলকাতা পুলিশের ১০০০ কর্মী পাঠানোর পেছনে মূলত গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিসন্ধি রয়েছে।
মহিলা পুলিশকর্মীদের হেনস্থা এবং সরকারি কাজে বাধা দেওয়ার সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে অভিষেক দাবি করেন, তাঁদের ১৩ জন কর্মীকে সম্পূর্ণ বেআইনিভাবে ও কোনো নোটিশ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। পুলিশি ক্ষমতার অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অতীতে নিউমার্কেটে অগ্নিকাণ্ড বা আলিপুরে কন্ট্রোল ইউনিট পুড়ে যাওয়ার ঘটনায় প্রশাসন যদি এত দ্রুত তৎপরতা দেখাত, তবে সাধারণ মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।
এদিন বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে তীব্র নিশানা করে অভিষেক হুংকার দেন, মিথ্যা মামলায় তৃণমূলের নেতা-কর্মীদের জেলে পুরে বা ভয় দেখিয়ে দলকে দুর্বল করার যে চক্রান্ত চলছে, তা কখনও সফল হবে না। সারদা-কাণ্ডের প্রসঙ্গ টেনেও প্রতিপক্ষকে একহাত নেন তিনি। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের একটি অনুমোদনহীন ও বিপজ্জনক বিলবোর্ড সরাতে গিয়ে পুলিশ ও পুরসভার আধিকারিকদের সঙ্গে যে খণ্ডযুদ্ধ ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই মামলার আইনি লড়াই এখন কোন মোড় নেয়, সেটাই দেখার।