Zomato-Swiggy-কে কড়া টক্কর, এবার আপনার পছন্দের খাবার বাড়ি পৌঁছে দেবে Flipkart
অনলাইন শপিং এবং মুদিপণ্য ডেলিভারির পর এবার সরাসরি আপনার রান্নাঘরে নজর ফ্লিপকার্টের। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের মে-জুন মাস নাগাদ বেঙ্গালুরুতে একটি পাইলট প্রজেক্টের মাধ্যমে ফুড ডেলিভারি পরিষেবা শুরু করতে চলেছে ফ্লিপকার্ট। বছরের শেষ দিকে বা ২০২৭-এর শুরুতে এই পরিষেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
কেন এই নতুন পদক্ষেপ? ভারতের অনলাইন ফুড ডেলিভারি বাজার বর্তমানে প্রায় ৯ বিলিয়ন ডলারের। ২০৩০ সালের মধ্যে এটি ২৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে বিশেষজ্ঞদের অনুমান। বর্তমানে এই বাজারে জ্যোমাটো এবং সুইগির কার্যত একচেটিয়া আধিপত্য রয়েছে। ফ্লিপকার্ট চাইছে তাদের বিশাল ইউজার বেস এবং শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই বাজারে নিজেদের জায়গা করে নিতে। এর আগে আমাজনও এই চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তবে ফ্লিপকার্ট এবার অনেক বেশি কোমর বেঁধে নামছে।
কীভাবে কাজ করবে ফ্লিপকার্ট? সংস্থাটি দুটি মডেল নিয়ে ভাবনাচিন্তা করছে: ১. নিজস্ব একটি স্ট্যান্ডঅ্যালোন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম তৈরি করা। ২. সরকারি সাহায্যপ্রাপ্ত ONDC (Open Network for Digital Commerce) নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতাদের কাছে খাবার পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই এই প্রজেক্টের জন্য একটি বিশেষ টিম তৈরি করার কাজ শুরু করে দিয়েছে ফ্লিপকার্ট। আইপিও (IPO) বাজারে আসার আগে নিজেদের পোর্টফোলিও আরও শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।