DA বৃদ্ধির পর এবার অষ্টম পে কমিশন! অপেক্ষার প্রহর কি দীর্ঘ হবে? পূর্ব অভিজ্ঞতা কী বলছে, জানুন সম্ভাব্য ডেটলাইন

কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য সম্প্রতি মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি হয়েছে। এরই মধ্যে ফের সুখবর আসার ইঙ্গিত মিললেও, এখন দেখা দিয়েছে নতুন চিন্তা। ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) লাগু হওয়ার কথা থাকলেও, বাস্তবায়ন নিয়েই তৈরি হয়েছে সংশয়।

এই কমিশন কার্যকর হলে সরকারি কর্মীদের বেসিক পে বিপুলভাবে ‘রিভাইজড’ হবে এবং ভাতাও বাড়বে। সরকারি কর্মী ও পেনশনভোগীরা সেই অপেক্ষায় থাকলেও, এখন প্রশ্ন উঠছে: অষ্টম পে কমিশনের সুবিধা পেতে কি তাদের ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে?

কেন বাড়ছে অপেক্ষার প্রহর?

যদিও প্রতি ১০ বছর অন্তর একটি করে পে কমিশন গঠিত হয় এবং অষ্টম কমিশন ২০২৬ সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন হওয়ার কথা, তবুও পূর্ব অভিজ্ঞতা বলছে একটি পে প্যানেল চালু হতে সাধারণত দু থেকে তিন বছর সময় লেগে যায়।

ষষ্ঠ বেতন কমিশন: প্যানেল গঠিত হয় ২০০৬ সালে। কমিশন রিপোর্ট জমা করে ২০০৮ সালে। তবে এটি লাগু হতে-হতে ২০০৮ সালের অগস্ট হয়ে যায়। অর্থাৎ, প্রায় ২২ থেকে ২৪ মাস সময় লেগেছিল।

সপ্তম বেতন কমিশন: কমিশন গঠিত হয় ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে চূড়ান্ত হয়। ২০১৫ সালের নভেম্বরে কমিশন রিপোর্ট জমা দেয়। কিন্তু সরকারি সিলমোহর মেলে ২০১৬ সালের জুন মাসে। ফর্মেশন থেকে ইমপ্লিমেনটেশন হতে প্রায় তিন বছর সময় লেগে যায়।

২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা?

যদি অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও সেই একই সময় লাগে, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।

অষ্টম পে কমিশনের ক্ষেত্রে ২০২৫ সালের ১৬ জানুয়ারি প্রথম ঘোষণা হওয়ার কথা ছিল। তবে ‘টার্ম অফ রেফারেন্স’ (ToR) এখনও নির্দিষ্ট নয়। অনেকের ধারণা, এই প্রক্রিয়া শেষ হতে-হতে ২০২৭ সাল হয়ে যেতে পারে। তারপর সরকার কিছুটা সময় নিয়ে সংস্কার প্রস্তাব দেবে বা অনুমোদন করবে। সেই কারণে অষ্টম পে কমিশন বাস্তবায়ন হতে হতে ২০২৮ সাল হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।