২০২৬ বিধানসভা নির্বাচনের রণক্ষেত্র যত উত্তপ্ত হচ্ছে, ততই চড়ছে রাজনৈতিক তরজার পারদ। এবার বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সরাসরি আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বুধবার প্রচারে বেরিয়ে কুণাল ঘোষ দাবি করেন, এবার আর নন্দীগ্রাম বা ভবানীপুর—কোনো আসনেই রক্ষা পাবেন না শুভেন্দু।
কুণাল ঘোষের কথায়, “শুভেন্দু অধিকারী গতবার কারচুপি করে জিতেছিলেন, কিন্তু এবার নন্দীগ্রামের মানুষ ঘরের ছেলে পবিত্র করকেই বেছে নেবেন। পবিত্রর কাছেই হার নিশ্চিত শুভেন্দুর।” শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুর আসনেও শুভেন্দুর ভরাডুবি হবে বলে জোরালো দাবি তোলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুণালের এই মন্তব্য নন্দীগ্রামের লড়াইকে নতুন মাত্রা দিল। বেলেঘাটা থেকে লড়লেও কুণাল যেভাবে শুভেন্দুর খাসতালুকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন, তাতে স্পষ্ট যে ২০২৬-এর নির্বাচনে তৃণমূলের মূল টার্গেট এখন বিরোধী দলনেতার হার নিশ্চিত করা। কুণালের এই দাবির পর এখন নজর থাকবে শুভেন্দু অধিকারীর পাল্টা প্রতিক্রিয়ার দিকে।