CJP-র দিল্লি অভিযান ঘিরে ব্যাপক ধরপাকড়, পুলিশের জালে দেড় শতাধিক বিক্ষোভকারী

ককরোচ জনতা পার্টি (CJP)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর’ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই দিল্লি ও গুরুগ্রাম পুলিশের যৌথ অভিযানে আটক হলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার সকাল আটটা নাগাদ গুরুগ্রামের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারের বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। একইসঙ্গে সিজেপির নেত্রী রত্না সিংকেও পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত থেকেই ধ্রুব রাঠির বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। এরপর শনিবার সকালে তাঁর বাড়ির কড়া নাড়লে ধ্রুবর মা দরজা খলতেই পুলিশ ভেতরে প্রবেশ করে এবং ইউটিউবারকে হেফাজতে নেয়। এই গ্রেপ্তারের পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ এক পোস্টে তারা লিখেছে, “ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে। যে সকল তরুণ-তরুণী অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং নীরব থাকতে অস্বীকার করেন, তাঁদের দেখে স্বৈরাচারীরা আতঙ্কিত!”

এদিকে, সিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে চরম নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত দেড় শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। কনট প্লেস ও বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভকারীদের আটকে দিচ্ছে পুলিশ। এমনকি বিভিন্ন রাজ্য থেকে দিল্লিগামী আন্দোলনকারীদের আটকে জিজ্ঞাসাবাদ ও মুচলেকা নেওয়ার কাজও চলছে। সব মিলিয়ে মহালয়ার ঠিক আগে রাজধানীর রাজনৈতিক পারদ এখন চরম সীমায় পৌঁছেছে।