সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬ সালের প্রথম সেশনের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এ বছর পাশের হার ৯৩.৭০%। তবে চমক এখানেই শেষ নয়, বোর্ড এখন দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিহাসের এই প্রথমবার CBSE একই শিক্ষাবর্ষে দ্বিতীয়বার বোর্ড পরীক্ষা নিতে চলেছে। দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের আগেই দশম শ্রেণির রেজাল্ট দেওয়ার মূল কারণ হলো এই দ্বিতীয় পরীক্ষার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।
বেসিক ও স্ট্যান্ডার্ড গণিতে বিশেষ সুবিধা:
সবচেয়ে বড় আপডেট হলো গণিত বিষয় নিয়ে। যেসব পড়ুয়া প্রথম পরীক্ষায় ‘বেসিক গণিত’ নিয়েছিল, তারা চাইলে দ্বিতীয় পরীক্ষায় ‘স্ট্যান্ডার্ড গণিত’ দিতে পারবে। একইভাবে স্ট্যান্ডার্ড গণিত নেওয়া পড়ুয়ারা দ্বিতীয়বার বেসিক গণিতে বসার সুযোগ পাবে।
আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা:
দ্বিতীয় পরীক্ষার জন্য স্কুলগুলোর কাছে ছাত্রছাত্রীদের তালিকা (LOC) চাওয়া হয়েছে। ২০ এপ্রিলের মধ্যে কোনো লেট ফি ছাড়াই আবেদন করা যাবে। ২১ ও ২২ এপ্রিল বিলম্ব ফি দিয়ে আবেদনের সুযোগ থাকবে। ভারতীয় পড়ুয়াদের জন্য প্রতি বিষয় ৩২০ টাকা করে ফি ধার্য করা হয়েছে। অর্থাৎ, কেউ ৩টি বিষয়ে পরীক্ষা দিলে তাকে ৯৬০ টাকা দিতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
উন্নয়ন (Improvement): প্রথম পরীক্ষায় অংশ নেওয়া পড়ুয়ারা সর্বোচ্চ ৩টি বিষয়ে নম্বর বাড়ানোর জন্য পরীক্ষা দিতে পারবে।
কম্পার্টমেন্ট: যারা ১টি বা ২টি বিষয়ে ৩৩%-এর কম নম্বর পেয়েছে, তারা কম্পার্টমেন্ট বিভাগে পরীক্ষা দিতে পারবে।
ঐচ্ছিক: এই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়। তবে ২টির বেশি বিষয়ে ফেল করলে আগামী বছর মূল পরীক্ষায় বসতে হবে।
ফলাফল ও মার্কশিট:
দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে থেকে ১ জুন, ২০২৬-এর মধ্যে। চূড়ান্ত মার্কশিটের ক্ষেত্রে CBSE ‘বেস্ট-অফ-টু’ (Best-of-Two) নিয়ম মেনে চলবে। অর্থাৎ, প্রথম ও দ্বিতীয় পরীক্ষার মধ্যে যেটিতে বেশি নম্বর থাকবে, সেটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।





