অপেক্ষার অবসান! বুধবার দুপুরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) প্রকাশ করল ২০২৬ সালের দশম শ্রেণির প্রথম পর্বের (Term-1) ফলাফল। এবছরও ফলাফলের নিরিখে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। দেশের প্রায় ২৭ হাজারেরও বেশি স্কুলের ২৫ লক্ষ পরীক্ষার্থীর উত্তেজনার অবসান ঘটিয়ে বোর্ড তাদের অফিশিয়াল পোর্টালে নম্বর আপলোড করেছে।
একনজরে সিবিএসই ১০ম শ্রেণির ফলাফল:
মোট পরীক্ষার্থী: ২৫ লক্ষ।
পাশের হার: ৯৩.৭০ শতাংশ (গত বছরের তুলনায় ০.০৪% বেশি)।
ছাত্রী বনাম ছাত্র: ছাত্রীদের পাশের হার যেখানে ৯৮.৯৯%, সেখানে ছাত্রদের পাশের হার ৯২.৬৯%।
পরীক্ষাকেন্দ্র: দেশ-বিদেশের মোট ২৭,৩৩৯টি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছিল।
রেজাল্টে নতুন কী বদল? বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ প্রতিযোগিতা এড়াতে এবার কোনো মেধাতালিকা (Merit List) প্রকাশ করা হয়নি। এমনকি কে প্রথম বা দ্বিতীয় হয়েছে, সেই নামও গোপন রাখা হয়েছে। শুধুমাত্র পড়ুয়াদের প্রাপ্ত নম্বর ও গ্রেড জানানো হয়েছে।
কীভাবে দেখবেন আপনার রেজাল্ট? পড়ুয়ারা নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে ফলাফল দেখতে পারবে: ১. অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in অথবা results.cbse.nic.in-এ যান। ২. ‘CBSE 10th Result 2026’ লিঙ্কে ক্লিক করুন। ৩. নিজের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি ইনপুট করুন। ৪. স্ক্রিনে আপনার মার্কশিট চলে আসবে, যা ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারেন।
বিকল্প উপায় (ডিজিটাল প্ল্যাটফর্ম): ওয়েবসাইটে ট্র্যাফিক বেশি থাকলে পড়ুয়ারা DigiLocker (ডিজি লকার) এবং UMANG App-এর মাধ্যমেও তাদের ডিজিটাল মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।
পরবর্তী ধাপ: বোর্ড জানিয়েছে, আগামী মে মাসে দ্বিতীয় দফার পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফলাফল বা ফাইনাল মার্কশিট প্রকাশ করা হবে জুলাই মাসের পর।





