AI ভিডিও নিয়ে তুলকালাম! মোদী ও হীরাবেনকে নিয়ে তৈরি ভিডিও সরাতে কড়া নির্দেশ আদালতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা হীরাবেনকে নিয়ে তৈরি একটি এআই ভিডিও সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে পটনা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বজন্থরী এবং বিচারপতি অলোক কুমার সিনহার ডিভিশন বেঞ্চ বুধবার এই নির্দেশ দেয়। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার, বিহার সরকার, বিহার প্রদেশ কংগ্রেস কমিটি, নির্বাচন কমিশন এবং রাহুল গান্ধীকেও নোটিস পাঠিয়েছে আদালত।
ভিডিও নিয়ে বিতর্ক কেন?
সম্প্রতি বিহারে বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী একটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মায়ের নামে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এর পরেই সোশ্যাল মিডিয়ায় একটি এআই (AI) ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মায়ের কাল্পনিক কথোপকথন দেখানো হয়েছে। ওই ভিডিওতে হীরাবেনকে মোদীকে তিরস্কার করতে দেখা যায়।
এই ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রয়াত মায়ের প্রতি অসম্মান করা হয়েছে, এমন অভিযোগ তুলে বিবেকানন্দ সিং নামের এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, রাহুল গান্ধীর অনুমোদনেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
বিজেপির প্রতিক্রিয়া ও আদালতের নির্দেশ
এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিজেপি এর তীব্র নিন্দা জানায়। তাদের অভিযোগ, কংগ্রেস প্রধানমন্ত্রীর সম্মানহানি করার জন্য এমন ভিডিও তৈরি করেছে। এই ঘটনার পর আদালতের নির্দেশ বিজেপিকে কিছুটা স্বস্তি দিয়েছে। এই নির্দেশের ফলে এখন সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিতর্কিত ভিডিওটি সরিয়ে ফেলতে হবে।