“AI থেকে সাইবার সিকিউরিটি”—সিনিয়র IPS অফিসারদের জন্য কড়া নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এবং প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে এবার প্রবীণ ও সিনিয়র আইপিএস অফিসারদের জন্য নতুন এবং কঠোর নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের পাঠানো নতুন এই নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে পদোন্নতি ও বেতনবৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটি-র ব্যবহার শেখা বাধ্যতামূলক করা হয়েছে।
কেন্দ্রের কর্মিবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরের নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ করেছে অমিত শাহের মন্ত্রক। সরকারি কর্মচারীদের ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘আইগট কর্মযোগী’-র মাধ্যমে এই কোর্সগুলি সম্পন্ন করতে হবে। অফিসারদের চাকরির মেয়াদের ভিত্তিতে তাঁদের মোট চারটি আলাদা ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট করা হয়েছে ৬টি করে কোর্স, যার মধ্যে প্রথম ৩টি কোর্স বাধ্যতামূলক এবং সরাসরি বার্ষিক পারফর্ম্যান্স মূল্যায়নের সঙ্গে যুক্ত।
নতুন নিয়ম অনুযায়ী, উদীয়মান প্রযুক্তি (Emerging Technology), জেনারেটিভ এআই, সাইবার নিরাপত্তা, গল্প বলার কৌশল (আর্ট অফ স্টোরিটেলিং) এবং নতুন আইনি ধারা সংক্রান্ত বিষয়গুলি গুরুত্ব সহকারে শিখতে হবে। বিশেষ করে ২০০১ থেকে ২০১০ সালের ব্যাচের অফিসারদের জন্য চ্যাটজিপিটি এবং জেনারেটিভ এআই শেখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, ২৫ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করছেন এমন অভিজ্ঞ অফিসারদের এই তালিকার সঙ্গে ‘ইন্টিগ্রেটিভ ওয়েলনেস’ বা শরীর ও মন সুস্থ রাখার বিশেষ কৌশলও রপ্ত করতে হবে। প্রশাসনিক স্তরে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়ে তুলতে কেন্দ্রের এই কড়া পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।