যাত্রী ও কর্মীদের সুরক্ষায় কোনো আপস নয়! আসানসোল স্টেশন পরিদর্শনে গিয়ে কী নির্দেশ দিলেন গীতিকা পান্ডে?

যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং রেল স্টেশনগুলির আধুনিকীকরণের লক্ষ্যে বিশেষ জোর দিয়েছে পূর্ব রেল। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে আসানসোল স্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাব্যবস্থাপক গীতিকা পান্ডে। এদিন তিনি অমৃত ভারত স্টেশন স্কিম এবং গতি শক্তি প্রকল্পের অধীনে চলা বিভিন্ন কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন। তাঁর এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পূর্ব রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক শৈলেন্দ্র প্রতাপ সিং এবং আসানসোলের ডিআরএম সংগ্রহ মৌর্য-সহ রেলের একাধিক শীর্ষ আধিকারিক।
পরিদর্শনকালে আসানসোল স্টেশনের সার্কুলেটিং এরিয়া, ফুট ওভারব্রিজ, প্রবেশ ও প্রস্থান পথ এবং যাত্রীদের যাতায়াতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মহাব্যবস্থাপক। স্টেশনে যাত্রীদের চলাচল কতটা মসৃণ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ, যাত্রী স্বাচ্ছন্দ্যে কী কী সুযোগ-সুবিধা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আরও উন্নয়ন প্রয়োজন, তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় স্টেশনের পরিকাঠামো আধুনিকীকরণের কাজ এবং গতি শক্তি প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়েও আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
নির্মাণকাজ চলাকালীন যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন গীতিকা পান্ডে। তিনি নির্দেশ দিয়েছেন যে নির্মাণকাজ চলা এলাকাগুলি বাধ্যতামূলকভাবে সবুজ নিরাপত্তা জাল দিয়ে ঘিরে রাখতে হবে। কাজের জায়গার চারপাশে স্পষ্টভাবে সতর্কতামূলক এবং প্রবেশ নিষিদ্ধ বোর্ড বসানোর পাশাপাশি যাত্রীদের যাতায়াতের পথ থেকে নির্মাণ এলাকা সম্পূর্ণ আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যারিকেডগুলির স্থায়িত্ব, সঠিকভাবে স্থাপন এবং লকিং ব্যবস্থা নিয়মিত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো অঘটন না ঘটে।
শুধু যাত্রী বা সাধারণ মানুষই নন, নির্মাণকাজে যুক্ত কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেও একাধিক কড়া নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের মহাব্যবস্থাপক। কাজের সময় কর্মীদের হেলমেট, সেফটি জুতো, রিফ্লেক্টিভ জ্যাকেট, গ্লাভস এবং প্রয়োজন অনুযায়ী সেফটি হার্নেস ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে বলা হয়েছে। উচ্চতায় কাজ, বৈদ্যুতিক কাজ, ভারী যন্ত্রপাতি পরিচালনা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক পোস্টার লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে যাতে কর্মীরা সর্বদা সতর্ক থাকেন।
পরিদর্শন শেষে রেলের আধিকারিকদের প্রকল্পের কাজের ওপর নিয়মিত নজরদারি বজায় রাখার নির্দেশ দেন মহাব্যবস্থাপক। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা এবং কাজের গুণগত মান বজায় রাখার বিষয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং আধুনিক পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।