সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে রহস্য দানা বেঁধেছিল। একটি ঘরে গাদাগাদি করে থাকা শতাধিক কুকুরের সেই দৃশ্য দেখে অনেকেই ভেবেছিলেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কারসাজি। কিন্তু যাবতীয় জল্পনা উড়িয়ে ব্রিটেনের প্রাণী কল্যাণ সংস্থা RSPCA স্পষ্ট জানিয়ে দিল— এই ভয়াবহ দৃশ্য একশো শতাংশ বাস্তব।
চলতি বছরের শুরুতে একটি বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে প্রায় ২৫০টি পুডল-ক্রস জাতের কুকুর। পারিবারিক সমস্যা ও অনিয়ন্ত্রিত প্রজননের জেরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গোটা বাড়িটি কার্যত নরকে পরিণত হয়েছিল। এর মধ্যে ৮৭টি কুকুরকে RSPCA এবং বাকিদের ‘ডগস ট্রাস্ট’ নিজেদের হেফাজতে নিয়েছে। উদ্ধার হওয়া প্রাণীদের অনেকেরই শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সংস্থার সুপারিনটেনডেন্ট জো হার্স্ট জানান, গত কয়েক বছরে এই ধরনের ঘটনা প্রায় ৭০ শতাংশ বেড়েছে। মানসিক স্বাস্থ্য সমস্যা ও আর্থিক অনটনের কারণে অনেকেই বিপুল সংখ্যক প্রাণীর দায়িত্ব নিয়ে সামলাতে পারছেন না। বর্তমানে উদ্ধারকৃত কুকুরদের চিকিৎসা ও পুনর্বাসন চলছে। তবে আশ্রয়কেন্দ্রগুলো ভরে যাওয়ায় সাধারণ মানুষের কাছে প্রাণীদের দত্তক নেওয়ার আর্জি জানিয়েছে সংস্থাটি।





