মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিল। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবিতে ইরান থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার উপক্রম হলে, আমিরশাহী বায়ুসেনা তা মাঝপথেই ধ্বংস করে দেয়। কিন্তু সেই ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত ধ্বংসাবশেষ আবু ধাবির জনবহুল ‘সুইহান স্ট্রিট’-এর ওপর গিয়ে পড়লে মর্মান্তিক মৃত্যু হয় এক ভারতীয় এবং এক পাকিস্তানি নাগরিকের।
আবু ধাবি মিডিয়া অফিস সূত্রে খবর, আকাশপথে হামলা রুখে দেওয়া সম্ভব হলেও তার ভাঙা টুকরোগুলো নিচের রাস্তায় থাকা একাধিক গাড়ির ওপর পড়ে। এই ঘটনায় ২ জনের মৃত্যু ছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজন ভারতীয়, একজন জর্ডানীয় এবং একজন আমিরশাহীর নাগরিক রয়েছেন। যুদ্ধের ২৭তম দিনে এসে এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীতে কোনো ভারতীয় নাগরিকের মৃত্যু হলো।
সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত কয়েকদিনে তারা ইরানের ছোঁড়া কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করেছে। তবে জনবহুল এলাকায় এই ধরণের ধ্বংসাবশেষ পড়ে যাওয়া সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক শোকবার্তা দেওয়া না হলেও, দুবাইয়ে থাকা ভারতীয় দূতাবাস মৃত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান অশান্তি এবার সরাসরি প্রবাসী ভারতীয়দের জীবনের ওপর বড়সড় থাবা বসাল।