২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর ৯ বছর পূর্ণ করল যোগী আদিত্যনাথের সরকার। এই উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার একগুচ্ছ সাফল্যের খতিয়ান পেশ করেছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, গত ৯ বছরে তাঁর সরকার ৯ লক্ষ যুবককে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সরকারি চাকরি দিয়েছে। এর মধ্যে ২.১৯ লক্ষ পুলিশ কর্মী এবং ১.৭৫ লক্ষ মহিলা কর্মী রয়েছেন। যোগীর কথায়, “আগে উত্তরপ্রদেশ মানেই ছিল দাঙ্গা আর বেকারত্ব, আজ সেই রাজ্যই দেশের গ্রোথ ইঞ্জিন।”
পরিসংখ্যান বলছে, গত ৯ বছরে উত্তরপ্রদেশের জিএসডিপি (GSDP) ১৩ লক্ষ কোটি থেকে বেড়ে ৩৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। রাজ্যের বেকারত্বের হার ৬.৪% থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ২.৪%-এ। ‘এক জেলা এক পণ্য’ (ODOP) প্রকল্প এবং এক্সপ্রেসওয়ে জালের মাধ্যমে উত্তরপ্রদেশ এখন দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। মুখ্যমন্ত্রী এদিন লখনউয়ে নার্সিং অফিসারদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা জালিয়াতি হয়নি, যা আগের সরকারের সময় নিয়মিত ঘটনা ছিল।