৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, জারি হলো সুনামি সতর্কতা! সমুদ্রে বড় ঢেউ আছড়ে পড়ায় আতঙ্ক

শুক্রবার সকালে প্রবল ভূকম্পনে (Earthquake) কেঁপে উঠল ফিলিপিন্স (Philippines Earthquake)। রিখটার স্কেলে ৭.৬ মাত্রার তীব্র কম্পনে দুলে ওঠে ফিলিপিন্সের ডাভাও ওরিয়েন্টাল অঞ্চল। এর জেরে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায়।

প্রবল কম্পনের জেরে ডাভাও শহরের মাপাউ স্কুলে পর্যন্ত কম্পন অনুভূত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

ফিলিপিন্সে ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। এর ফলে শুধু ফিলিপিন্সের উপকূল নয়, পার্শ্ববর্তী থাইল্যান্ডের সমুদ্রেও বড় বড় আকারের ঢেউ আছড়ে পড়তে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য দেখা যাওয়ার পর উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাশিয়ার কামচাটকা প্রদেশ কেঁপে উঠেছিল প্রবল কম্পনে। কামচাটকায় কম্পনের প্রভাবে আমেরিকার হাওয়াই এবং ক্যালিফোর্নিয়া উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়েছিল। অন্যদিকে জাপানেও জলোচ্ছ্বাস দেখা গিয়েছিল।

এবার ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হওয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ উপকূল অঞ্চল থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে।