দীর্ঘ ৭ বছর পর ভারতের জ্বালানি মানচিত্রে ফিরছে পারস্যের তেলের সুবাস। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ২০১৯ সাল থেকে বন্ধ থাকা ইরান-ভারত তেল বাণিজ্য ফের প্রাণ ফিরে পেতে চলেছে। জাহাজ চলাচলের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, প্রায় ৬ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ইরানের খাড়গ দ্বীপ থেকে একটি বিশাল ট্যাঙ্কার ‘পিং শুন’ এখন গুজরাতের ভাদিনার বন্দরের দিকে এগোচ্ছে। আগামী ৪ এপ্রিল ২০২৬-এর মধ্যে জাহাজটি বন্দরে পৌঁছনোর কথা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এবং হরমোজ প্রণালী কার্যত অচল হওয়ার পর, ভারতের এই পদক্ষেপ অত্যন্ত কৌশলী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আসলে, ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম যখন আকাশছোঁয়া, ঠিক তখনই আমেরিকা তাদের নিষেধাজ্ঞায় ৩০ দিনের একটি বিশেষ ছাড় বা ‘ওয়েভার’ দিয়েছে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে ভারত নিজেদের তেলের ভাণ্ডার পূর্ণ করতে চাইছে। অতীতে ভারত ছিল ইরানের অন্যতম বড় তেলের খরিদ্দার। সুলভ মূল্য এবং ভারতীয় শোধনাগারগুলির সঙ্গে ইরানের তেলের সামঞ্জস্য থাকায় এই বাণিজ্য সবসময়ই লাভজনক ছিল। তবে এবার কি পাকাপাকিভাবে আগের পরিস্থিতি ফিরবে? বিশেষজ্ঞরা বলছেন, ১৯ এপ্রিল পর্যন্ত আমেরিকার এই বিশেষ ছাড়ের মেয়াদ রয়েছে। ফলে এরপর ভারত স্থায়ীভাবে তেলের আমদানি চালিয়ে যেতে পারবে কি না, তা নির্ভর করবে আন্তর্জাতিক কূটনীতি ও লেনদেনের নতুন পেমেন্ট মেকানিজমের ওপর।





