৭ ঘণ্টায় ২১ অপারেশন! বিআর সিং হাসপাতালে ডাক্তারদের অতিমানবীয় কীর্তি, বাঁচল লক্ষ লক্ষ টাকা!

কলকাতার বি.আর সিং হাসপাতালের কার্ডিওলজি বিভাগ এক অভাবনীয় ‘ক্লিনিক্যাল ম্যারাথন’-এর সাক্ষী থাকল। গত ২৫ ফেব্রুয়ারি মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে ২১টি জটিল হার্ট অপারেশন সম্পন্ন করে নজির গড়লেন রেলের চিকিৎসকরা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই নিরবচ্ছিন্ন অস্ত্রোপচারের কর্মযজ্ঞে ৮টি স্টেন্ট প্রতিস্থাপনসহ মোট ২১ জন রোগীর হৃদযন্ত্রকে নতুন জীবন দেওয়া হয়েছে। হাসপাতালের এই দক্ষতায় রেলের কোষাগারের প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা সাশ্রয় হয়েছে।

শুধু এই ম্যারাথন অপারেশনই নয়, গত ১৮ ফেব্রুয়ারি ভারতীয় রেলের ইতিহাসে প্রথমবার ‘লিডলেস পেসমেকার’ প্রতিস্থাপন করে ইতিহাস গড়েছে এই হাসপাতাল। ৮৬ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে অত্যাধুনিক এই ক্ষুদ্রাকৃতির যন্ত্রটি সফলভাবে বসানো হয়েছে। প্রথাগত পেসমেকারের সংক্রমণের ঝুঁকি এড়াতে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, যা পূর্ব ভারতের চিকিৎসা মানচিত্রে বি.আর সিং হাসপাতালকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

২০১১ সালে পথ চলা শুরু করা এই অ্যাডভান্সড কার্ডিয়াক সেন্টার এখন পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের হার্ট চিকিৎসার প্রধান স্তম্ভ। ১২ হাজারেরও বেশি ইন্টারভেনশন এবং ১,৮০০ সিটিভিএস সার্জারির অভিজ্ঞতা সম্পন্ন এই কেন্দ্রটি এখন বিশ্বমানের প্রযুক্তিতে বেসরকারি হাসপাতালকেও টক্কর দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy