৭৫ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী! বিরোধীরাও কি সামিল হলেন? শুভেচ্ছা জানালেন দেশ-বিদেশের নেতারা

আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। এই বিশেষ দিনে দেশ-বিদেশের বিভিন্ন রাষ্ট্রনেতা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর জন্মদিন উপলক্ষে বিজেপি আগামী ১৫ দিনের জন্য ‘সেবা পক্ষ’ বা ‘সেবা পাখওয়ারা’ কর্মসূচির আয়োজন করেছে, যা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আপনার অসাধারণ নেতৃত্ব এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন। আপনি মহান লক্ষ্য অর্জনের এক সংস্কৃতি স্থাপন করেছেন।”
রাষ্ট্রপতির পাশাপাশি উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ অন্যান্য বিরোধী দলের নেতারাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিজেপি জানিয়েছে, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর জনসেবা এবং সমাজ সংস্কারের ভূমিকা অতুলনীয়। তাই তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘সেবা পক্ষ’-এর আওতায় বিজেপির নেতা-কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য শিবির, পরিচ্ছন্নতা অভিযান এবং আদিবাসীদের তৈরি পণ্যের প্রচার চালাবেন।
প্রধানমন্ত্রী নিজেও মধ্যপ্রদেশের ধর জেলা থেকে মহিলা ও শিশুদের সুস্বাস্থ্যের জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন। একই সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে ওড়িশার পুরীতে বিখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক বালি দিয়ে মোদীর প্রতিকৃতি তৈরি করে শুভেচ্ছা জানান। অন্যদিকে, দিল্লির কর্তব্যপথে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন বিজেপি নেতা রেখা গুপ্তা।