৬০ পেরোলেই প্রতি মাসে সোজা অ্যাকাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা! সাংবাদিকদের জন্য এল বড় সরকারি নির্দেশিকা

রাজ্যের প্রবীণ সংবাদকর্মীদের জন্য বড় পদক্ষেপ করল প্রশাসন। অবশেষে সাংবাদিকদের অবসরকালীন ভাতা বা পেনশন চালুর বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর। এর জেরে উপকৃত হবেন রাজ্যের বহু সাংবাদিক।
ভোটের আগে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য পেনশনের কথা ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পরবর্তী সময়ে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে আশ্বাস দিয়ে জানানো হয়েছিল, খুব শীঘ্রই সাংবাদিকদের জন্য মাসে ৫ হাজার টাকা করে পেনশন চালুর ব্যবস্থা করা হবে। সেই কথামতোই এবার এল সরকারি নির্দেশিকা।
কারা পাবেন এই পেনশন? যোগ্যতার মাপকাঠি কী?
তথ্য ও সংস্কৃতি দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ পেনশনের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:
বয়সের সীমা: আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছর হতে হবে।
পারিবারিক আয়: আবেদনকারীর পারিবারিক মাসিক আয় ১০ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
অভিজ্ঞতা ও অ্যাক্রিডিটেশন: যেসব সাংবাদিকের কাছে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে ন্যূনতম ১০ বছর এই কার্ড থাকার নথিপত্র দেখাতে হবে। অন্যদিকে, যাঁদের সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড নেই, তাঁদের পেশাগতভাবে অন্তত ১৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র এবং নির্দিষ্ট নিয়মাবলী মেনে যোগ্য প্রার্থীরা এই পেনশনের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি সংবাদমহলের একটা বড় অংশ।