৫ লক্ষ টাকার চুক্তিতে খুন! আসানসোলে জমি বিবাদের জেরে যুবককে গুলি, গ্রেফতার ৭

আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের রহমন পাড়ায় জাভেদ বারিক নামে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই খুনের মূল কারণ হিসেবে উঠে এসেছে জমি সংক্রান্ত বিবাদ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, এই খুনের ঘটনায় জাভেদ বারিকের নিজের আত্মীয়রাই জড়িত। প্রথমে পুলিশ জাভেদের খুড়তুতো ভাই ইন্তেখাব আলম, খুড়তুতো বোন ফারনাজ এবং তাদের গাড়ির চালককে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে মহম্মদ আদিল আলম নামের এক ব্যক্তি জাভেদকে গুলি করেছিল। জাভেদের ভগ্নিপতি আসিফ এই খুনের জন্য শুটার গ্যাংয়ের সঙ্গে পাঁচ লক্ষ টাকার চুক্তি করেছিল। তবে এই খুনের মূল অভিযুক্ত আসিফ এখনও পলাতক। পুলিশ তাকে খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছে।

এই খুনের ঘটনায় যারা নতুন করে গ্রেফতার হয়েছে তারা হল- মহম্মদ এহেসান, মহম্মদ ফাইজল শা, মহম্মদ আদিল আলম এবং মহম্মদ সুলতান।