হরিয়ানা সরকারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫৯০ কোটি টাকার এক বিশাল জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। চণ্ডীগড়ের আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের (IDFC First Bank) একটি শাখায় এই জালিয়াতি হয়েছে বলে জানা গেছে। সোমবার হরিয়ানা বিধানসভার বাজেট অধিবেশনে এই ইস্যুতে সরব হন বিরোধী দলনেতা ভূপিন্দর সিং হুডা। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি স্পষ্ট জানিয়ে দেন, “একজন অপরাধীকেও রেয়াত করা হবে না।”
মুখ্যমন্ত্রী সাইনি বিধানসভায় আশ্বাস দিয়েছেন যে, এই দুর্নীতির তদন্তের ভার ইতিমধ্যেই অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB) এবং ভিজিল্যান্স দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ব্যাঙ্ক আধিকারিক হোক বা সরকারি কর্মী—যাঁরাই এই ৫৯০ কোটির গরমিলের সঙ্গে যুক্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।” সরকার ইতিমধ্যেই ওই ব্যাঙ্ককে সরকারি কাজ থেকে ব্ল্যাকলিস্ট (De-empanelled) করেছে এবং সমস্ত টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
ঘটনার সূত্রপাত হয় ১৮ ফেব্রুয়ারি, যখন সরকারের একটি দপ্তর তাদের অ্যাকাউন্ট বন্ধ করে টাকা অন্য ব্যাঙ্কে সরাতে যায়। তখনই দেখা যায় সরকারি খাতার ব্যালেন্সের সঙ্গে ব্যাঙ্কের ব্যালেন্সের বিশাল গরমিল রয়েছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক জানিয়েছে, তাদের ৪ জন কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জনগণের একটি পয়সাও যাতে নষ্ট না হয়, তার জন্য সুদ-সহ টাকা পুনরুদ্ধারের ব্যবস্থা করছে সরকার।