রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬— ভারতের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা দিন। এদিন উত্তরপ্রদেশের মেরঠ থেকে বহুল প্রতীক্ষিত ‘নমো ভারত’ (Namo Bharat) ট্রেনের সম্পূর্ণ করিডোর এবং দেশের দ্রুততম ‘মেরঠ মেট্রো’র (Meerut Metro) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ করিডোরটি এখন পুরোপুরি সচল, যার ফলে দিল্লি থেকে মেরঠ পৌঁছাতে সময় লাগবে মাত্র ৫৫ মিনিট।
প্রধানমন্ত্রী শতাব্দী নগর স্টেশন থেকে এই পরিষেবার সূচনা করেন এবং নিজেই মেট্রোয় চড়ে মেরঠ দক্ষিণ স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন। ট্রেনের অন্দরে তিনি স্কুল পড়ুয়া ও সাধারণ যাত্রীদের সঙ্গে কথোপকথনও চালান। প্রধানমন্ত্রীর কথায়, “২০১৪ সালের আগে মেট্রো পরিষেবা ছিল হাতেগোনা কয়েকটি শহরে, আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের অধিকারী।”
নমো ভারত ট্রেনটি ডিজাইন করা হয়েছে ১৮০ কিমি প্রতি ঘণ্টা গতির জন্য, যদিও এটি ১৬০ কিমি গতিতে চলাচল করবে। এর অন্দরের সুযোগ-সুবিধা কোনো অংশেই বিমানের চেয়ে কম নয়। আরামদায়ক আসন, সিসিটিভি ক্যামেরা, চার্জিং পয়েন্ট এবং ল্যাগেজ র্যাকের মতো প্রিমিয়াম সুবিধা রয়েছে এতে। একইসঙ্গে মেরঠ মেট্রোও নজির গড়েছে— এটি ভারতের দ্রুততম মেট্রো (গতি ১২০ কিমি/ঘণ্টা), যা শহরের অভ্যন্তরীণ যানজট থেকে মুক্তি দেবে।
এই প্রকল্পের মোট খরচ হয়েছে প্রায় ৩০,২৭৪ কোটি টাকা। সারাই কালে খাঁ থেকে মোদীপুরম পর্যন্ত ১৬টি স্টেশনের এই যাত্রাপথ কেবল সময় বাঁচাবে না, বরং গাজিয়াবাদ, মোদিনগর এবং মেরঠের অর্থনৈতিক মানচিত্র বদলে দেবে। দিল্লির সঙ্গে উত্তরপ্রদেশের এই ‘হাই-স্পিড’ মেলবন্ধন নতুন ভারতের আধুনিক পরিকাঠামোর এক জলজ্যান্ত উদাহরণ।