“৫৪৩ থেকে বেড়ে ৮১৬?”-দক্ষিণ ভারতের জন্য কোন খুশির খবর শোনালেন অমিত শাহ?

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দীর্ঘদিনের আশঙ্কা উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিশেষ সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানান, ডিলিমিটেশনের ফলে দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমবে— এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তব চিত্রটি উল্টো; শাহের দাবি অনুযায়ী, প্রতিটি রাজ্যের আসন সংখ্যা বর্তমানের তুলনায় বৃদ্ধি পাবে।

অমিত শাহ ব্যাখ্যা করেন যে, জনসংখ্যার পরিবর্তনের কথা মাথায় রেখেই নতুন কাঠামো তৈরি করা হয়েছে যাতে ভারসাম্য বজায় থাকে। তিনি নতুন সদস্য সংখ্যা নিয়েও অঙ্ক কষে দেখান। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, বর্তমানে ৫৪৩টি আসনের ওপর ভিত্তি করে যে ৫০% বৃদ্ধির কথা বলা হচ্ছে, তা আসলে মহিলা সংরক্ষণের ৩৩% নিশ্চিত করার জন্য একটি প্রক্রিয়া। তিনি জানান, রাউন্ড ফিগার হিসেবে ৮৫০ বলা হলেও লোকসভার আসল আসন সংখ্যা দাঁড়াবে ৮১৬।

কোন রাজ্যে কটি আসন বাড়তে পারে? অমিত শাহের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী:

  • তামিলনাড়ু: ৩৯টি আসন থেকে বেড়ে হবে ৫৯।

  • কর্নাটক: ২৮টি থেকে বেড়ে দাঁড়াবে ৪২।

  • অন্ধ্রপ্রদেশ: ২৫টি থেকে বেড়ে হবে ৩৮।

  • কেরল: ২০টি থেকে বেড়ে দাঁড়াবে ৩০।

  • তেলিঙ্গানা: ১৭টি থেকে বেড়ে হবে ২৬।

শুক্রবার সংসদে এই বিষয়ে আরও বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরবেন বলেও জানিয়েছেন তিনি। এই ঘোষণার পর দক্ষিণ ভারতের রাজনীতিতে দীর্ঘদিনের ‘আসন কমে যাওয়ার’ ভয় অনেকটাই কাটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy