“৫০% জনসংখ্যা, ৪০% জিডিপি”-ব্রিকস নিয়ে মোদীর হুংকার, শোরগোল আন্তর্জাতিক মহলে

ব্রিকস (BRICS) গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলির অর্থনৈতিক শক্তি বিশ্বজুড়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস বিজ়নেস ফোরামের নেতাদের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান যে, গত কয়েক বছরে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ব্রিকসভুক্ত দেশগুলির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রায় দ্বিগুণ গতিতে এগিয়ে চলেছে।

প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তব্যে তুলে ধরেন যে, বর্তমান বিশ্বে ব্রিকস দেশগুলির হাতে রয়েছে মোট জনসংখ্যার ৫০ শতাংশ, বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ এবং ২৫ শতাংশের বেশি আন্তর্জাতিক বাণিজ্য। এই পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান যে, বিশ্ব অর্থনীতিতে এই গোষ্ঠীর প্রভাব ও গুরুত্ব ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের সার্বিক জিডিপি যেখানে প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে, সেখানে ব্রিকস দেশগুলির সম্মিলিত জিডিপি বেড়েছে প্রায় সাড়ে চার গুণ। বর্তমান বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার আবহেও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে ভারত তার অর্থনীতি ও বাণিজ্যনীতির মূল ভিত্তি হিসেবে স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ভারতে আয়োজিত এ বারের ব্রিকস বিজনেস ফোরামকে এযাবৎকালের সবচেয়ে বড় আসর বলে উল্লেখ করে তিনি জানান যে, এই দেশগুলি বর্তমানে বৈশ্বিক উদ্ভাবন ও নতুন প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।