৫০০ বছরের পুরনো মাটি দিয়ে গড়া হয় প্রতিমা! রানাঘাটের এই বাড়ির পুজোয় কেন আজও এমন ঐতিহ্য?

নদিয়ার প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম রানাঘাটের ঘোষ বাড়ির দুর্গাপূজা। এই বছর এই পুজো ৫০৫তম বর্ষে পদার্পণ করছে। ১৫২০ খ্রিস্টাব্দে চৌতন্য চরণ ঘোষ এই পুজোর সূচনা করেন। পরবর্তীতে তার ছোট ভাই মকরন্দ ঘোষের বংশধররা এই ঐতিহ্য বহন করে চলেছেন। বর্তমানে এই পুজোয় ২৯তম বংশধররা অংশ নিচ্ছেন।
প্রতিমা তৈরিতে ৫০০ বছরের পুরনো মাটি
এই পুজোর সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী রীতি হলো প্রতিমা তৈরিতে ৫০০ বছরের পুরনো মাটির ব্যবহার। বংশের ২৯তম পুরুষ রণজিৎ ঘোষ বলেন, “দুর্গাপূজার শুরুতে যে মাটি দিয়ে পাটা তৈরি হয়েছিল, সেই মাটি আজও ব্যবহৃত হয়। প্রতি বছর সেই মাটি থেকে কিছু অংশ তুলে রাখা হয় এবং নতুন মাটির সঙ্গে মিশিয়ে মায়ের মূর্তি তৈরি করা হয়।”
পঞ্চমীতে বোধন ও বলি প্রথার অবসান
রানাঘাটের এই পুজোয় ষষ্ঠীর পরিবর্তে পঞ্চমীতেই বোধন শুরু হয়। এরপর অধিবাসের সময় রক্ষা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। এই পুজোয় একসময় ৫১টি পাঁঠা এবং মহিষ বলি দেওয়া হতো, কিন্তু ১৯৩৪ সালে স্বপ্নাদেশ এবং পরিবারের সদস্য রামগোপাল ঘোষের মৃত্যুর পর এই বলি প্রথা বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো বলি দেওয়া হয় না।
এই পরিবারের পুজোটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি প্রায় ৫০০ বছরের একটি জীবন্ত ইতিহাস, যা আজও একই নিষ্ঠা ও পরম্পরা মেনে পালিত হয়ে আসছে।