৫০০ টাকার অ্যাকাউন্টে ৫ কোটি! হাথরাসের কচুরি বিক্রেতার বিলাসবহুল জীবনের রহস্য ফাঁস, গ্রেফতার যুবক

মাত্র ৫০০ টাকা ব্যাঙ্কে জমা করে চার মাসের মধ্যে ৫ কোটি টাকা আয়! হাথরাসের এক কচুরি বিক্রেতার এমন অবিশ্বাস্য ঘটনায় হতবাক সকলে। কচুরি বিক্রেতা আকাশের হঠাৎ বিপুল বৈভব দেখে প্রতিবেশী এবং আত্মীয়দের মনে সন্দেহ জাগে। এরপর পুলিশি তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা।
কীভাবে এত টাকা আয়?
২৩ বছর বয়সী আকাশ ‘মা চামুন্ডা সুইট অ্যান্ড নমকিন’ নামে একটি দোকান চালাতেন। সামান্য কচুরি বিক্রি করে তার জীবন চলছিল। কিন্তু হঠাৎ তার জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসে। সে আড়াই লাখ টাকার ইয়ামাহা R15 বাইক কেনে, মাহিন্দ্রার একটি থর গাড়ির বুকিং করে এবং প্রায় ৩.৫ লাখ টাকার সোনা কিনে ফেলে। এই পরিবর্তন দেখে সকলের মনে সন্দেহ জাগে এবং খবরটি পুলিশের কানে পৌঁছায়।
পুলিশ একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, আকাশ ব্যাঙ্ক জালিয়াতির মাধ্যমে এই বিপুল টাকা উপার্জন করেছে।
ব্যাঙ্ক জালিয়াতির চাঞ্চল্যকর পদ্ধতি
তদন্তে পুলিশ জানতে পারে, ২০২৩ সালের মে মাসে আকাশ HDFC ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খোলে এবং তাতে মাত্র ৫০০ টাকা জমা করে। এরপর সে ওভারড্রাফ্টের মাধ্যমে কয়েক দফায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত তোলে। কিন্তু এবার সে টাকা জমা দেয়নি। এভাবে সে মোট ৯টি লেনদেন করে ব্যাঙ্ক থেকে ৫ কোটি টাকা ওভারড্রাফ্ট করে। পুলিশ আরও জানতে পারে, আকাশ ওই টাকা থেকে ৩.৫ কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল।
ঘটনার তদন্তে পুলিশ আকাশকে গ্রেফতার করেছে। এই পুরো ঘটনায় ব্যাঙ্কের তিনজন কর্মচারীর ভূমিকাও সন্দেহজনক বলে মনে করছে পুলিশ। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।