মহাকাশে দীর্ঘ রোমাঞ্চকর সফর শেষ করে আজই মর্ত্যে ফিরছেন ‘Artemis II’ মিশনের চার অসমসাহসী মহাকাশচারী। নাসা (NASA) জানিয়েছে, ফ্লোরিডার স্থানীয় সময় শুক্রবার রাত ৮.০৭ মিনিটে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে ওরিয়ন স্পেসক্রাফ্ট। ভারতীয় সময় অনুযায়ী যা শনিবার (১১ এপ্রিল) ভোর ৫টা ৩৭ মিনিট। তবে বিজ্ঞানীদের মতে, পুরো অভিযানের মধ্যে আজকের এই ‘রি-এন্ট্রি’ বা পৃথিবীতে ফেরার মুহূর্তটিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
চাঁদকে প্রদক্ষিণ করে আসা এই মহাকাশযানটি যখন ঘণ্টায় প্রায় ৪০ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তখন বাতাসের সাথে সংঘর্ষে তৈরি হবে প্রায় ৫০০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। সামান্য ভুল হলেই ঘটে যেতে পারে মহাকাশ গবেষণার ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়। ২০২২ সালে ‘Artemis I’ মিশনের সময় মহাকাশযানের হিট শিল্ড বা ‘Avcoat’ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা নিয়ে দীর্ঘ তদন্ত করেছে নাসা।
এবার যেহেতু স্পেসক্রাফ্টে চারজন মহাকাশচারী সশরীরে রয়েছেন, তাই কোনো ঝুঁকিই নিতে রাজি নয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। হিট জোন বা আগুনের গোলার মধ্যে থাকার সময় কমাতে এবার ‘স্টিপার এন্ট্রি’ নামক এক বিশেষ কৌশলে মহাকাশযানটিকে বায়ুমণ্ডলে প্রবেশ করানো হবে। মহাকাশচারীদের জীবন রক্ষায় প্রতিটি থার্মাল প্রোটেকশন সিস্টেম ও থার্মো-ডাইনামিক উপাদানের ওপর কড়া নজর রাখছেন বিজ্ঞানীরা।





