রাজবীর জিতলে ঠিক মেয়ের মতোই খুশি হব! ফাইনালের আগেই হবু জামাইকে নিয়ে মুখ খুলে নেটদুনিয়া কাঁপালেন সন্দীপ দত্ত!

‘বিগ বস বাংলা’র অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে রাজবীর এবং নন্দিনীর প্রেমের গুঞ্জন। ক্যামেরার সামনে হোক বা আড়ালে, এই জুটির রোম্যান্স এখন দর্শকদের চর্চার কেন্দ্রবিন্দুতে। বন্ধুত্বের গণ্ডি পার করে তাঁরা যে পুরোদস্তুর প্রেমিক-প্রেমিকা, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ক্যামেরার সামনের এই প্রেম কি বাড়ির লোক মেনে নিয়েছে? সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে মেয়ের প্রেমিক রাজবীরকে একেবারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন খোদ নন্দিনীর বাবা সন্দীপ দত্ত।

রাজবীরকে হবু জামাই হিসেবে পছন্দ করার পেছনের কারণ বলতে গিয়ে তাঁর জীবনসংগ্রামের প্রশংসা করেছেন সন্দীপবাবু। তিনি জানান, বিগ বসের একটি টাস্কের সময় রাজবীর যেভাবে অবলীলায় লঙ্কা, কাঁচা ডিম আর দুধের তৈরি শেক খেয়েছিল, তা ওর মনের জোরের প্রমাণ দেয়। নিজের অতীতের সংগ্রামকে স্মরণ করে সন্দীপবাবু বলেন, “আমি নিজে জিরো থেকে এই জায়গায় এসেছি। নন্দিনীর জন্মের সময় হাসপাতাল থেকে দেওয়া মাত্র ৩,৬৫০ টাকার ওষুধের বিল মেটাতে আমার তিন দিন সময় লেগেছিল। তাই যে মানুষ মাটি কামড়ে পরিশ্রম করে বড় হতে চায়, তাঁকে আমি সবসময় সম্মান করি।”

শোয়ের অন্দরে এই জুটির কেমিস্ট্রি নিয়ে বলতে গিয়ে তিনি ফাঁস করেন, ওয়াইল্ড কার্ড হিসেবে যখন জিতু ঘরে ঢোকে, তখন রাজবীরের আত্মবিশ্বাস অনেকটাই কমে গিয়েছিল। গোটা বাড়ি তখন ওর বিরুদ্ধে চলে যায়। ঠিক সেই সময় নন্দিনী সমস্ত প্রতিকূলতা পেরিয়ে রাজবীরের পাশে দাঁড়িয়েছিল এবং ওকে ‘অক্সিজেন’ জুগিয়েছিল। রাজবীরকে ‘আউটস্ট্যান্ডিং সুপারস্টার’ তকমা দিয়ে তিনি জানান, এত মানুষ যখন ওকে ভোট দিচ্ছে, তখন ওর মধ্যে বিশেষ জাদু তো নিশ্চয়ই আছে।

সবশেষে ট্রফি জয় নিয়ে সন্দীপ দত্ত এক হৃদয়স্পর্শী মন্তব্য করেন। তিনি স্পষ্ট জানান, ফাইনালে যদি নন্দিনী এবং রাজবীরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং শেষ পর্যন্ত রাজবীরই চ্যাম্পিয়ন হয়, তবে তিনি নিজের মেয়ে জেতার মতোই খুশি হবেন। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে মেয়ের সিদ্ধান্তই যে শেষ কথা, তা স্পষ্ট করে তিনি জানিয়ে দেন যে রাজবীর একজন অত্যন্ত ভালো মনের মানুষ এবং তিনি এমন কাউকেই চান যে নন্দিনীর সঠিক যত্ন নেবে।