রাজ্যে নির্বাচনের পারদ যত চড়ছে, ততই তপ্ত হচ্ছে নেতাদের বাক্যবাণ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বঙ্গ সফরে এসে যে ‘বুলডোজার’ রাজনীতির গল্প শুনিয়েছিলেন, এবার সেই একই সুর শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। খড়্গপুরের পথসভা থেকে তৃণমূল নেতা এবং পুলিশের একাংশকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন তিনি।
তৃণমূলকে সরাসরি হুমকি:
বুধবার রাতে খড়্গপুরের গোলবাজার এলাকায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি পথসভা আয়োজিত হয়। সেখানে তৃণমূল ছেড়ে বেশ কিছু কর্মী বিজেপিতে যোগ দেন। সভা চলাকালীন দিলীপ অভিযোগ করেন, তাঁর চিফ এজেন্ট অনুপমকে হুমকি দেওয়া হয়েছে। এর পাল্টা জবাবে হুঙ্কার দিয়ে দিলীপ বলেন, “তুই ৪ তারিখের (ভোট গণনার দিন) পর কোথায় থাকবি সেটা ভাব। চাইলে বিহার বা ওড়িশায় ঘর ভাড়া করিয়ে দেব, বউ-বাচ্চা নিয়ে সেখানে চলে যা। সেই ভাড়া আমিই দেব।”
বুলডোজার ও উত্তরপ্রদেশ মডেল:
তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তাঁর সংযোজন, “খুব খারাপ সময় আসছে। উত্তরপ্রদেশে গুণ্ডা-মাফিয়াদের যে হাল হয়, বাংলায় তার চেয়েও খারাপ অবস্থা হবে। যা টাকা কামিয়েছ, এখন খেয়ে-দেয়ে মস্তি করে নাও। না হলে ঘর-দুয়ারের ওপর বুলডোজার চলবে, কেউ বাঁচাতে পারবে না। সারা জীবন জেলেই কাটাতে হবে।”
নিশানায় পুলিশের একাংশ:
দিলীপ ঘোষের আক্রমণ থেকে বাদ যাননি পুলিশ কর্মীরাও। তিনি বলেন, “এখানে কিছু ছোটখাটো পুলিশ এখনও আছে যারা লাফাচ্ছে। মনে রেখো, আমি শুধু বলি না, করেও দেখাই।” খড়্গপুরের ব্যবসায়ীদের অভয় দিয়ে তিনি জানান, ৪ তারিখের পর কারও ক্ষমতা হবে না কোনও ব্যবসায়ী বা মহিলার দিকে চোখ তুলে তাকানোর। নির্বাচনের মুখে দিলীপের এই ‘বুলডোজার’ হুঁশিয়ারি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।





