৪ কোটিরও বেশি ফলোয়ার! মাঝরাস্তায় জনপ্রিয় ইউটিউবার সৌরভ যোশীর গাড়িতে হামলা, চরম আতঙ্ক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর এবং জনপ্রিয় ইউটিউবার সৌরভ যোশীকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরাখণ্ডের হলদোয়ানিতে। পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি করে যাওয়ার সময় একদল যুবকের হাতে তাঁকে হেনস্থা ও গালিগালাজের মুখে পড়তে হয়। শুধু তাই নয়, আতঙ্কের সেই মুহূর্তে অভিযুক্তদের গাড়ি তাড়া করার মতো রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকলেন লক্ষ লক্ষ অনুরাগীর প্রিয় এই ইউটিউবার।

আসলে কী ঘটেছিল সেদিন?
সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে স্ত্রী এবং দুই ভাইকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বের হয়েছিলেন সৌরভ যোশী। পথিমধ্যে একটি কালো রঙের গাড়িতে থাকা কয়েকজন যুবক তাঁদের গাড়ির জানলা নামাতে বলেন। প্রথমটায় সৌরভ ভেবেছিলেন, অনুরাগীরা হয়তো তাঁকে শুভেচ্ছা জানাতে চাইছেন। কিন্তু জানলা নামানোর সঙ্গেই বদলে যায় পরিস্থিতি। অভিযোগ, গাড়িতে থাকা ওই যুবকেরা সম্পূর্ণ উসকানিমূলক আচরণ শুরু করেন এবং সৌরভ ও তাঁর পরিবারের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রাথমিক অনুমান, ওই যুবকেরা মদ্যপ অবস্থায় ছিলেন।

গাড়ি ধাওয়া ও রহস্যজনক পরিণতি
পরিবারের সামনে এমন অপমানজনক ও ভীতিপ্রদ পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে নিজেই গাড়ি চালিয়ে ওই যুবকদের গাড়ি ধাওয়া করেন সৌরভ। কিছুটা দূরে গিয়ে দেখা যায়, অভিযুক্তদের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু চালক ও আরোহীরা ততক্ষণে চম্পট দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, গাড়িটির ইঞ্জিন তখনো চালু ছিল, জানলা নামানো ছিল এবং ভেতরে কয়েকটি মোবাইল ফোনও পড়েছিল।

ঘটনার পরই স্থানীয় থানায় গিয়ে সমস্ত বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভ যোশী। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করেছে। নিজের সাম্প্রতিক ভ্লগেও এই ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সৌরভ। উল্লেখ্য, ইউটিউবে চার কোটিরও বেশি এবং ইনস্টাগ্রামে এক কোটিরও বেশি ফলোয়ার থাকা এই জনপ্রিয় তারকার ওপর এমন হামলার ঘটনায় ভক্তমহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে এই বচসা বা হামলা, তা পুলিশি তদন্তের পরেই স্পষ্ট হবে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty