৪৮% বুথ স্পর্শকাতর, রাজপথে টহল দিচ্ছে ৯৭ কোম্পানি বাহিনী! ভোটের আগে থমথমে কলকাতা

আগামী ২৯ এপ্রিল কলকাতার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। শহরবাসীর নজর এখন ব্যালট বক্সের দিকে থাকলেও, তিলোত্তমার বুথ পরিস্থিতি নিয়ে প্রকাশিত তথ্য যথেষ্ট উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতা উত্তরের সাতটি বিধানসভা এলাকার প্রায় ৪৮ শতাংশ বুথই ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে তাই বেনজির নিরাপত্তার ছক কষছে লালবাজার ও নির্বাচন কমিশন।

মঙ্গলবার এক যৌথ সাংবাদিক বৈঠকে কলকাতা উত্তরের ডিইও স্মিতা পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিক মনোজ কুমার শহরের নিরাপত্তা ব্যবস্থার ব্লু-প্রিন্ট পেশ করেন। উত্তর কলকাতার সাতটি বিধানসভা আসন— জোড়াসাঁকো, চৌরঙ্গি, শ্যামপুকুর, এন্টালি, কাশীপুর-বেলগাছিয়া, বেলেঘাটা ও মানিকতলায় মোট ১৮৩৫টি বুথ রয়েছে। এর মধ্যে ৮৩৭টি বুথ স্পর্শকাতর এবং ২৬৪টি বুথকে ‘অতি স্পর্শকাতর’ তকমা দেওয়া হয়েছে। বিশেষত শ্যামপুকুর (৮০টি) এবং চৌরঙ্গিতে (৬০টি) অতি স্পর্শকাতর বুথের সংখ্যা সর্বোচ্চ।

এই বিপুল এলাকা সামলাতে কলকাতায় মোট ৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু উত্তর কলকাতাতেই নজরদারি চালাবে ৪০ কোম্পানি বাহিনী। প্রায় ১০ লক্ষ ৭১ হাজার ৮১০ জন ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে বুথে বুথে থাকছে কড়া পাহারা। কমিশনের স্পষ্ট বার্তা, ভোটারদের মনে সাহস জোগাতে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। উৎসবের মেজাজে ভোট শেষ করতে মরিয়া প্রশাসন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy