৪৫ দিনের মধ্যে সুদসহ মোটা টাকা ক্ষতিপূরণ! চাকরিহারা শিক্ষকদের আইনি লড়াইয়ে এল বিরাট জয়!

শিক্ষকদের বেআইনিভাবে ছাঁটাই করে স্কুল বন্ধ করে দেওয়ার মামলায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (DSP) কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের আগামী ৪৫ দিনের মধ্যে ৬ শতাংশ সুসহ বছরপিছু ১.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই অর্থপ্রদান না করলে আরও অতিরিক্ত ৬ শতাংশ সুদ দিতে হবে কর্তৃপক্ষকে।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ৫৬ বছর আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অধীনে দুর্গাপুর ইস্পাত হাইস্কুল এবং শিবাজী রোড ডিএসপি বয়েজ হাইস্কুল সহ বেশ কয়েকটি স্কুল চালু হয়েছিল। যেখানে সিবিএসই ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে বাংলা, হিন্দি ও ইংরেজি মাধ্যমে পঠনপাঠন হতো। ২০০৯ সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে এই স্কুলগুলিতে পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল। প্রথম দিকে দৈনিক ১৫০ টাকা এবং পরবর্তীতে তা বাড়িয়ে ৩০০ টাকা করে বেতন দেওয়া হতো। কিন্তু এরপরই কর্তৃপক্ষ আচমকা ১৬ জন শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেয় এবং ২০১৫ সালের মধ্যে একে একে স্কুলগুলিও বন্ধ করে দেওয়া হয়।
চাকরি হারিয়ে অথৈ জলে পড়া শিক্ষকরা প্রথমে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (CAT)-এর দ্বারস্থ হন। কিন্তু ২০২৫ সালে ক্যাট (CAT) শিক্ষকদের আবেদন খারিজ করে খালি হাতে ফিরিয়ে দেয়। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের শরণাপন্ন হন চাকরিহারারা। দীর্ঘ আইনি লড়ায়ের পর মামলাকারীদের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায়ের সওয়াল আমলে নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ডিএসপি কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণের নির্দেশ দেয়। আদালতের এই রায়ে চাকরিহারা শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা ও লড়াই এক ঐতিহাসিক মোড় নিল।