৩.৫০ লক্ষের বাজেটে নারী শক্তির জয়গান! রাস উৎসবে দাঁইহাটের এই মণ্ডপ দেখলেই চোখে জল, সতীদাহ থেকে উত্থান—এক ছবিতে মেয়ের গল্প

রাস উৎসবকে কেন্দ্র করে বর্তমানে উৎসবের মেজাজে মেতে উঠেছে দাঁইহাট শহর। গোটা শহর জুড়ে তৈরি হয়েছে একাধিক বিগ বাজেটের প্যান্ডেল, যেখানে নান্দনিকতার পাশাপাশি সামাজিক বার্তা তুলে ধরার প্রতিযোগিতা চলছে। এমনই এক অভিনব প্যান্ডেল তৈরি করেছে ইন্দিরা স্মৃতি সংঘ, যার এবারের থিম— ‘রত্নগর্ভা’।

এই মণ্ডপ জুড়ে তুলির টানে, ছবি ও লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মেয়েদের সংগ্রামের ইতিহাস ও উত্থানের গল্প। সতীদাহ থেকে শুরু করে বাল্যবিবাহের কুপ্রথা পেরিয়ে বর্তমান সময় পর্যন্ত নারীদের লড়াইয়ের কাহিনী মণ্ডপের গায়ে সযত্নে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের গভীরভাবে স্পর্শ করছে।

ক্লাবের সভাপতি দীপক কুমার ঘোষ জানান, “সাধারণ মানুষকে একটি সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্যই আমরা ক্লাবের সকল সদস্য মিলে এই থিম তুলে ধরেছি। এবারের প্যান্ডেলের বাজেট ৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং লাইটিংয়ের জন্য ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।”

কাঠ, শাড়ি, রঙ ও ছবি ব্যবহার করে স্থানীয় এক শিল্পী এই প্যান্ডেলটি সাজিয়েছেন। দাঁইহাটের এই মণ্ডপ দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। দর্শনার্থীদের একাংশের মতে, এই থিম থেকে বড়দের পাশাপাশি ছোটরাও সামাজিক সচেতনতার বার্তা পাবে।

দাঁইহাটের এই প্রাচীন উৎসব সময়ের সঙ্গে বিবর্তিত হয়ে আজকের রাস পূর্ণিমা ও শোভাযাত্রার রূপ নিয়েছে। নজরকাড়া আলোকসজ্জা এবং এই বিশেষ ভাবনার কারণে ইন্দিরা স্মৃতি সংঘের ‘রত্নগর্ভা’ মণ্ডপ স্থানীয় ও বাইরের দর্শনার্থীদের মধ্যে বিশেষভাবে সাড়া ফেলেছে।