৩ বছর ধরে ফুসফুসে জমেছিল অদ্ভুত রহস্য! প্রবীণের শরীর থেকে বেরোল আস্ত একটা জিনিস

টানা কাশি এবং ফুসফুসের মারাত্মক সংক্রমণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন ৭২ বছর বয়সি এক বৃদ্ধ। অ্যান্টিবায়োটিক খেয়েও কোনো সুফল পাচ্ছিলেন না তিনি। শারীরিক অবস্থার অবক্ষয় দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর ফুসফুসে একটি মারাত্মক টিউমার বাসা বেঁধেছে। কিন্তু সেই তথাকথিত টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার শুরু হতেই তৈরি হলো নজিরবিহীন এক বিস্ময়! চিকিৎসকরা পরীক্ষা করে দেখলেন, সেটি কোনো টিউমার নয়—বরং শ্বাসনালীতে টানা তিন বছর ধরে আটকে রয়েছে আস্ত একটি দাঁত!

চিকিৎসা সংক্রান্ত আন্তর্জাতিক সাময়িকী ‘দ্য ইজিপশিয়ান জার্নাল অফ ব্রঙ্কোলজি’-তে ৩১ অক্টোবর, ২০২৬ তারিখে এই বিরল ঘটনার কথা প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েক মাস ধরে ওই প্রবীণ ব্যক্তি কফযুক্ত কাশি এবং বারবার ফুসফুসের সংক্রমণে কষ্ট পাচ্ছিলেন। তাঁর ওজন কমে যাওয়া, জ্বর বা কফের সঙ্গে রক্ত পড়ার মতো ক্যানসারের কোনো সাধারণ উপসর্গ ছিল না, তবে হার্টের কিছু সমস্যা ছিল।

পরবর্তীতে হাসপাতালে তাঁর বুক এবং ফুসফুসের সিটি স্ক্যান ও ব্রঙ্কোস্কোপি করা হয়। রিপোর্টে দেখা যায়, ডান ফুসফুসের নিচের দিকের একটি শ্বাসনালীকে লাল রঙের রক্তনালীতে ভরা এক মাংসপিণ্ড পুরোপুরি আটকে রেখেছে। চিকিৎসকরা প্রথমে এটিকে ‘কার্সিনয়েড টিউমার’ বলে সন্দেহ করেন। এরপর বিশেষ চিকিৎসার আধুনিক সরঞ্জাম (স্নেয়ার ও ক্রায়োপ্রোব) দিয়ে মাংসপিণ্ডের অংশ কেটে সরাতে গিয়েই চিকিৎসকরা নিচে এক শক্ত সাদা বস্তুর সন্ধান পান।

অবশেষে ফোরসেপস এবং বিশেষ রিট্রিভাল বাস্কেটের সাহায্যে সেই শক্ত জিনিসটি টেনে বাইরে বের করে আনা মাত্রই চিকিৎসকদের চোখ কপালে ওঠে। তিন বছর ধরে জমে থাকা সেই লাল মাংসপিণ্ডের আড়ালে ঢাকা পড়ে ছিল একটি আস্ত দাঁত! ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, প্রায় তিন বছর আগে একবার জ্ঞান হারিয়ে পড়ে যান ওই বৃদ্ধ। গবেষকদের অনুমান, ঠিক তখনই ভেঙে যাওয়া দাঁতটি অসাবধানতাবশত শ্বাসনালী দিয়ে ফুসফুসে প্রবেশ করে। তবে সুখের বিষয়, চিকিৎসায় সেই দাঁতটি বের করার পর প্রবীণ ব্যক্তির কাশি সম্পূর্ণরূপে দূর হয়েছে এবং ফুসফুস পুনরায় স্বাভাবিকভাবে কাজ শুরু করেছে।