গুয়াহাটি হোটেল হত্যা কাণ্ডে পুলিশের মেগা এনকাউন্টার! হেফাজত থেকে পালাতে গিয়ে খতম মূল অভিযুক্ত

বাংলার পর এবার সংবাদের শিরোনামে প্রতিবেশী রাজ্য অসম। ফের এক হাই-প্রোফাইল পুলিশি এনকাউন্টারে প্রাণ হারালেন গুয়াহাটির হোটেল বিলাস ইন-এ চাঞ্চল্যকর ৫ জন খুনের ঘটনার প্রধান অভিযুক্ত ঘনকান্ত গগৈ (৩৪)। মঙ্গলবার পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে প্রশাসন।
সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) পাপরি চেতিয়া সংবাদমাধ্যমকে জানান, ২০০৪ সালের পুরনো একটি ব্যাঙ্ক জালিয়াতির মামলার তদন্তের উদ্দেশ্যে অভিযুক্তকে শিবসাগরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় গৌরীসাগর এলাকায় গাড়ি থামানো হলে সে পালানোর চেষ্টা করে। তিনি জানান, ঘনকান্ত ছিলেন একজন অত্যন্ত প্রশিক্ষিত শুটার। প্রাকৃতিক প্রয়োজনে পুলিশের গাড়ি থেকে নামার সময় আচমকাই তদন্তকারী আধিকারিকের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার হামলা চালায় সে। সেই সময় ধস্তাধস্তিতে এক পুলিশ আধিকারিক মারাত্মক আঘাত পান। তাঁকে বাঁচাতে এবং আত্মরক্ষার্থে শিবসাগর সদর থানার ওসি গুলি চালাতে বাধ্য হন। আশঙ্কাজনক অবস্থায় গগৈকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাতে গুয়াহাটির উলুবাড়ি এলাকার ‘হোটেল বিলাস ইন’-এ ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে হোটেলের মালকিন হেলেনা ভরালী, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপসহ মোট ৫ জনের মৃত্যু হয় এবং এক গাড়িচালক গুরুতর আহত হন। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হোটেলের লিজ চুক্তি ও বকেয়া ভাড়া পরিশোধ নিয়ে মালিকপক্ষের সঙ্গে ঘনকান্তর তীব্র বিরোধ চলছিল। ঘটনার পরপরই লাইসেন্সপ্রাপ্ত পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালেও পুরনো মামলার সূত্রে নিয়ে যাওয়ার পথেই এই নাটকীয় এনকাউন্টারের ঘটনা ঘটল।