মার্কিন নির্বাচনে ঐতিহাসিক লাল দুর্গে ধস! ডেমোক্র্যাটদের বিশাল জয়ে কোণঠাসা ট্রাম্প?

আমেরিকার ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে বিশাল জয়ের দিকে এগিয়ে চলেছে ডেমোক্র্যাটিক পার্টি। প্রাপ্ত নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে, মার্কিন সেনেটে ইতোমধ্যেই ডেমোক্র্যাটরা ৫৩টি আসনে জয় তুলে নিয়ে তাদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে, যেখানে রিপাবলিকানদের দখলে গিয়েছে ৪০টি আসন। রিপাবলিকানদের কাছ থেকে ৬টি আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাট শিবির। অন্যদিকে, কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও ১৯৭টি আসনে জয় পেয়ে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে, যেখানে রিপাবলিকানরা পেয়েছে ১১৪টি আসন।

জনমত সমীক্ষার পূর্বাভাসকে সত্যি করে সংবাদ সংস্থা এপি-র ভোট জরিপে উঠে এসেছে, ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি যুবসমাজের অসন্তোষের কারণেই এই ভরাডুবি। ২০২৪ সালের নির্বাচনে ৩০ বছরের কম বয়সি ভোটারদের মধ্যে ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থনে সমতা থাকলেও, এবার ছবিটা সম্পূর্ণ ভিন্ন। জরিপ অনুযায়ী, দেশজুড়ে ১০ জনের মধ্যে ৭ জন তরুণ ভোটারই ডেমোক্র্যাটিক পার্টিকে সমর্থন করেছেন।

নির্বাচনের অন্যতম বড় চমক দেখা গেছে টেক্সাসে, যেখানে গত ৩৮ বছর ধরে সেনেট নির্বাচনে কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয় পাননি। সেখানে ট্রাম্প-সমর্থিত বিতর্কিত রিপাবলিকান প্রার্থী ও অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে হারিয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো। এ ছাড়া নর্থ ক্যারোলিনায় প্রাক্তন গভর্নর রয় কুপার জয় পেয়েছেন এবং সাউথ ক্যারোলিনাতেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জয় ছিনিয়ে এনেছেন ডেমোক্র্যাট প্রার্থীর অ্যানি অ্যানড্রিউজ।

হাই-প্রোফাইল ওহাইও রাজ্যের গভর্নর নির্বাচনে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ধনকুবের বিবেক রামাস্বামীকে পরাজিত করে জয়ী হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন। তিনি রাজ্যে প্রথম ডেমোক্র্যাট নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। ডেলাওয়্যার, ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পশায়ারেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। নিউ হ্যাম্পশায়ারে জয়ের মাধ্যমে মার্কিন সেনেটের ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সেনেটর হিসেবে নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন ক্রিস পাপাস।