টুনি লাইটকে টেক্কা দিয়ে রাজকীয় কামব্যাক মাটির প্রদীপের! দীপাবলির মুখে মালদার পালপাড়ায় হঠাৎ কী ঘটল?

দীপাবলির আগে ফের বাজারে রাজকীয়ভাবে ফিরে আসছে মাটির প্রদীপ। একসময় টুনি লাইট ও ইলেকট্রিক আলোর দাপটে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ কিছুটা হারিয়ে যেতে বসেছিল। তবে এবার ছবিটা সম্পূর্ণ আলাদা। উৎসবের মরসুমে মাটির প্রদীপের চাহিদা আকাশ ছোঁয়া হওয়ায় দিনরাত এক করে কাজ করছেন মালদার গাজোলের কৃষ্ণপল্লী পালপাড়ার মৃৎশিল্পীরা। তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় চিন্তার ভাঁজ শিল্পীদের কপালে।

কালীপুজো ও দীপাবলিতে আলোর উৎসবে ঘর সাজাতে বাঙালির চিরাচরিত পছন্দ মাটির প্রদীপ। কৃষ্ণপল্লী পালপাড়ার পুরুষদের পাশাপাশি নারীরাও হাতে হাত মিলিয়ে রঙ-বেঙের নকশাদার প্রদীপ তৈরিতে ব্যস্ত। মৃৎশিল্পী লক্ষ্মী রানী পাল জানান, দু-তিন মাস আগে থেকেই মাটি প্রস্তুত করে, রোদে শুকিয়ে ও রঙ করে প্রদীপ বাজারে পাঠানোর প্রস্তুতি চলে।

অন্য এক শিল্পী নিবারণ পাল জানান, গত বছরের তুলনায় এবার মাটির প্রদীপের চাহিদা অনেক ভালো। তবে মাটি ও রঙের দাম প্রচুর বাড়লেও প্রদীপের দাম বাড়েনি, ফলে লাভ খুবই কম। পেটের দায়ে ও বংশপরম্পরা রক্ষায় তাঁরা এই কাজ করে যাচ্ছেন। গাজোলের তৈরি এই প্রদীপ মালদা ছাড়িয়ে অন্যান্য জেলাতেও যাচ্ছে। সরকারি সাহায্য পেলে এই ঐতিহ্যবাহী শিল্প আরও নতুন প্রাণ ফিরে পাবে বলে আশাবাদী পালপাড়ার কারিগররা।