ভোটের মুখে তপ্ত বঙ্গ রাজনীতি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১৫ দিন টানা বাংলায় থাকার ঘোষণাকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সভা থেকে শাহকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন, “ভয় দেখাতে বলছে ১৫ দিন থাকবে, তুমি ৩৬৫ দিন থাকো! তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখে অত্যাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন।”
গত বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শাহ ঘোষণা করেছিলেন যে, ভোটের আগে টানা ১৫ দিন তিনি পশ্চিমবঙ্গেই ডেরা বাঁধবেন। বিজেপির কেন্দ্রীয় নেতাদের এই ঘনঘন সফরকে তৃণমূল বরাবরই ‘ডেইলি প্যাসেঞ্জারি’ বলে কটাক্ষ করে। আজ মমতা সেই সুর আরও চড়িয়ে দাবি করেন, শাহের উপস্থিতি বিজেপির জন্য হিতে বিপরীত হবে।
এখানেই থামেননি তৃণমূল নেত্রী। তিনি এক মারাত্মক অভিযোগ তুলে বলেন, বিজেপি নাকি বিহার এবং বাংলার কয়েকটি এলাকা নিয়ে আলাদা রাজ্য গড়ার পরিকল্পনা করছে। মমতার হুঁশিয়ারি, “ওরা হারবে, ২০২৬-এই ওদের হারাব।” শাহের দীর্ঘ সফরের পরিকল্পনাকে স্রেফ ‘ভয় দেখানোর কৌশল’ বলে উড়িয়ে দিয়ে নেত্রী স্পষ্ট করে দিলেন, এবারের লড়াইটা সরাসরি দিল্লি বনাম বাংলার।





